টানা তিন দিনের যানজটে বিপর্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। পর্যুদস্ত এই পথের যাত্রীরা। গলদঘর্ম পুলিশও। তবু সুরাহা মিলছে না। এর অন্তত ছয়টি কারণ চিহ্নিত করেছেন ভুক্তভোগী গাড়িচালক, যাত্রী ও দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা। তবে সব কারণই পুরোনো ও জানা।অসহনীয় এই যানজটের কারণগুলো হলো গাড়ি বিকল হয়ে যাওয়া, মহাসড়কের ওপরে অসংখ্য বাস কাউন্টার ও সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো, কোথাও রাস্তা প্রশস্তকরণের কাজ চলা, সড়কের পাশে বাজার, ট্রাক ও রিকশা-ভ্যান স্ট্যান্ড এবং সর্বোপরি এলোমেলোভাবে গাড়ি চালনা।গতকাল শনিবার সরেজমিনে সংশ্লিষ্টদের এই দাবির সত্যতা পাওয়া গেছে। গত কয়েক দিনে যানজটের জন্য সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা মোড়। কিন্তু গতকাল দুপুরে চন্দ্রা মোড়ে গিয়ে দেখা গেল, সেখানে কোনো যানবাহন আটকে নেই। কারণ, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় তারা কোনো যানবাহনকে মোড়ে দাঁড়াতে দিচ্ছে না। কিন্তু মোড় পার হয়ে দেখা গেল ভিন্ন চিত্র। এক কিলোমিটার দূরে গোয়ালবাথান এলাকায় (হাইটেক পার্কের ফটকে) কালিয়াকৈর বাইপাস সড়কের মোড়ে তীব্র যানজট। সেখানে একেকটি গাড়িকে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ১২ কিলোমিটার দূরে টাঙ্গাইলের মির্জাপুরের সীমানা পর্যন্ত যত দূর যাওয়া যায়, শুধু গাড়ির লম্বা সারি।বিকল গাড়ির যন্ত্রণা: গোয়ালবাথান মোড় থেকে টাঙ্গাইল পর্যন্ত যানজটের কারণ কী, তা শনাক্ত করতে পারেনি কেউই। তবে সাধারণভাবে বলা হয়েছে, গাড়ি বিকল হয়ে এখানে সমস্যা তৈরি হয়েছে।গতকাল দুপুরে গোয়ালবাথান মোড়ে এসে বিকল হয়ে পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস। এর মধ্যেই পেছনের গাড়িগুলো তারস্বরে হর্ন দিতে শুরু করেছে। মোড়ে কর্তব্যরত পুলিশের সদস্যরা দৌড়ে এসে গাড়িটি পেছনে সরিয়ে নিতে বললেন। কিন্তু পেছনেও সরানোর জায়গা নেই। পরে পুলিশ অন্য গাড়িগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার সংকেত দিলে পেছনে সামান্য জায়গা তৈরি হয়। তাতেই বাসটিকে রাস্তার এক পাশে সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।এর কিছুক্ষণ পরই ওই যানজটে আরেকটি খালি ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে চলতে থাকা গাড়ির সারি আবারও থমকে যায়। পরে পুলিশের সদস্যরা পথ চলতি আরেকটি মালভর্তি ট্রাক দিয়ে ধাক্কা মেরে এর ইঞ্জিন চালু করেন।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে ছেড়ে আসা রোজিনা এন্টারপ্রাইজের যাত্রী বুয়েটের ছাত্র আলিউল ইসলাম বলেন, শুক্রবার সকাল নয়টায় ছাড়ার কথা ছিল বাসটির। সেই বাস ছেড়েছে শুক্রবার রাত আড়াইটার দিকে। বিকেল চারটার দিকে বাসটি চন্দ্রা এলাকা অতিক্রম করে। এর পরই বাসটির তেল শেষ হয়ে যায়। জিরানী বাজার এলাকায় বাসটি থামিয়ে সহকারীকে তেল আনতে পাঠান চালক। রাত আটটার দিকে বাসটি ঢাকায় পৌঁছায়।গোয়ালবাথান এলাকায় যানজটে দাঁড়িয়ে থাকা রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল পরিবহনের সুপারভাইজার মিজানুর রহমান বলেন, সেই সিরাজগঞ্জ মোড় থেকে যানজটের শুরু। সেখানে অনেক বাস দাঁড়িয়ে যাত্রী তুলছে। তবে সেখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এরপর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার সামনে কিছুক্ষণ আটকে থাকা। কিন্তু টাঙ্গাইলের নাটিয়াপাড়া থেকে গোয়ালবাথান পর্যন্ত পুরো রাস্তাতেই যানজট।হানিফ এন্টারপ্রাইজের উত্তরাঞ্চল পথের একজন ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, রাস্তায় ধারণক্ষমতার চেয়ে বেশি গাড়ি নেমেছে। ঢাকার ভেতরে ও জেলা শহরগুলোর স্থানীয় পথে চলাচলকারী পুরোনো ও ‘আনফিট’ বাস-মিনিবাসগুলো লম্বা দূরত্ব পাড়ি দিয়ে এসে এসব এলাকায় বিকল হয়ে পড়ছে। আর বিকল গাড়ির কারণে পেছনে যানবাহনের লম্বা সারি পড়ে যাচ্ছে।কাউন্টার আছে, বাস দাঁড়ানোর জায়গা নেই: উত্তরবঙ্গের ১১৭টি রুটের সব বাসেরই কাউন্টার আছে চন্দ্রায়। অসংখ্য কাউন্টার আছে সাভারের নবীনগর ও বাইপাইল মোড়েও। কিন্তু নেই বাস থামানোর প্রশস্ত জায়গা বা টার্মিনাল। ফলে বাসগুলো রাস্তার ওপর দাঁড়িয়েই যাত্রী ওঠায়-নামায়। প্রতি ঈদেই উত্তরবঙ্গের মানুষের কষ্ট বাড়ায় এই জায়গাগুলো, বিশেষ করে চন্দ্রা মোড়। তবে গতকাল এই মোড়ে পুলিশ গাড়ি দাঁড়াতে না দেওয়ায় তারা যাত্রী নামিয়েছে চন্দ্রা পার হয়ে।চন্দ্রা পার হওয়ার পর ঢাকা ও কোনাবাড়ীর পথে সড়কের ওপর বাসগুলো থেকে প্রচুর যাত্রী নামছেন। বাস থেকে মালামাল বের করে দিচ্ছেন বাসের কর্মীরা। ছাদ থেকে হুড়োহুড়ি করে নামছেন যাত্রীরা। আর এসব যাত্রীকে বাসায় পৌঁছে দিতে রিকশাভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও নছিমনগুলো ভিড় করছে।বিকেলে চন্দ্রা মোড় পার হয়ে একটু সামনে এসে থামল রাজধানীর ভেতরে চলাচলকারী বৈশাখী পরিবহনের বাসটি। জোসনা পরিবহন নামে একটি কোম্পানি ভাড়া নিয়ে এই বাসটিকেই নীলফামারী-ঢাকা রুটে ঈদ উপলক্ষে চালাচ্ছে। বাসটি থামানোর সময় সামনে একটি ভ্যান চলে আসায় চালক বাসটিকে সড়কের সমান্তরালে দাঁড় করাতে পারেননি। কিছুটা তেরছা হয়ে দাঁড়ানোর ফলে পেছনের ট্রাকটিও আটকে যায়। কয়েক মিনিটের মধ্যেই পেছনে অর্ধশতাধিক গাড়ির সারি তৈরি হয়ে যায়।এরপরে জিরানী বাজার, গণকবাড়ী, বাইপাইল, নবীনগর ও সাভারেও চলছে যাত্রী নামানো। ফলে ঢাকামুখী গাড়ির সারি কখনো থমকে দাঁড়াচ্ছে।একজন কাউন্টারকর্মী বললেন, সাভার, আশুলিয়া, কালিয়াকৈর এলাকাগুলোতে অনেক পোশাক কারখানা। এসব কারখানার শ্রমিকেরা এই কাউন্টারগুলো থেকে টিকিট করে বাসে ওঠেন। এখানেই তাঁদের বাস থেকে নামাতে হয়। এই এলাকা থেকে কাউন্টার সরিয়ে নিলে তাঁরা দুর্ভোগে পড়বেন। তার চেয়ে এখানে একটা বাস দাঁড়ানোর জায়গা করলে সবারই কষ্ট লাঘব হবে।চলছে রাস্তার কাজ: নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত চলছে চার লেন রাস্তা তৈরির কাজ। জিরানী বাজার এলাকায় সামান্য কিছু জায়গায় এ কারণে রাস্তার এক পাশ বন্ধ করে রাখতে হচ্ছে পুলিশকে। তাই এখানেও ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা করে দাঁড়াতে হচ্ছে ঢাকামুখী গাড়িগুলোকে। এটি পার হয়ে জিরানী বাজার ডাক প্রশিক্ষণ কেন্দ্রের সামনেই রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখা। একবারে মাত্র একটি গাড়িই যেতে পারছে। ফলে লম্বা সারিতে থেমে থাকতে হচ্ছে গাড়িগুলোকে।ট্রাকস্ট্যান্ড: জিরানী বাজারে, ইপিজেডের উল্টো দিকে পোশাক কারখানার মালামাল পরিবহনের জন্য সব সময়ই অনেক ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকে। রাস্তার ওপরেই ট্রাকস্ট্যান্ড। ট্রাকগুলো স্ট্যান্ড থেকে বের হওয়া বা ঢোকার সময় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।মহাসড়কে জনস্রোত-বাজার: ঈদের পর গতকালই খুলেছে পোশাক কারখানাগুলো। এ কারণে বিকেলে পোশাক কারখানা ছুটির সময় সাভারের গণকবাড়ী, ইপিজেড এলাকা ও আশুলিয়া এলাকার মহাসড়কে পোশাককর্মীদের স্রোত নেমেছিল। এ সময় রাস্তার ওপর সবজি, ফল ও মাছের পসরা নিয়ে বসে ছিলেন ভাসমান ব্যবসায়ীরা। পোশাককর্মীদের বহন করতে লোকাল বাসগুলোও রাস্তায় দাঁড়িয়ে ছিল দীর্ঘ সময়। এ কারণে দুর্ভোগে পড়তে হয় দূরপাল্লার গাড়িগুলোকে। বাইপাইল থেকে আশুলিয়ার নরসিংহপুর পর্যন্ত সড়কটি প্রায় বন্ধ হয়েই ছিল গতকাল বিকেলে।এলোমেলো চালনা: বাসচালকেরা বলছেন, টাঙ্গাইল থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তাটিতে কোনো বিভাজক নেই। এখানে যানজট হলে কিছু চালক ডান পাশ দিয়ে গাড়ি চালিয়ে দেন। এ কারণে দুই পাশের রাস্তাই বন্ধ হয়ে যায়। নাবিল পরিবহনের বাসচালক আক্তার হোসেন বলেন, প্রতি যানজটেই কিছু চালক এই কাজ করেন। ফলে সবাইকেই চরম ভোগান্তিতে পড়তে হয়। যানজটের অন্যতম কারণ হিসেবে এলোমেলো চালনাকে দায়ী করছে পুলিশও।চন্দ্রা মোড়ে দেখা হয় হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান আকতারের সঙ্গে। তিনি বলেন, টানা দুই দিন হরতালের পর ঢাকামুখী রাস্তায় ছিল মাত্রাতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ। সড়কে দুর্ঘটনা, গাছ পড়ে যাওয়া, গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে যানজট লেগে যাচ্ছে। আর যানজট একবার লেগে গেলে চালকেরা এলোপাতাড়িভাবে গাড়ি চালিয়ে রাস্তার সব কটি লেনই বন্ধ করে ফেলছেন। সেই জট ছাড়াতে পুলিশকে গলদঘর্ম হতে হচ্ছে। দিনের বেলায় জটের কারণ ও অবস্থান সহজে শনাক্ত করা গেলেও রাতের বেলা পরিস্থিতি হচ্ছে ভয়াবহ।তবে যানজটের এসব কারণের সঙ্গে একমত নন শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ। তিনি বলেন, ঢাকামুখী গাড়িগুলো চন্দ্রার পরে যাত্রী নামাতে শুরু করে। সেখানে যানজট হওয়াটা স্বাভাবিক। কিন্তু মূল যানজট টাঙ্গাইল থেকে কালিয়াকৈর পর্যন্ত। তিনি বলেন, ‘এখানে যানজটের কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এই রাস্তায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছু গাড়ি বিকল হয়েছে। তাই বলে তো এতটুকু দূরত্ব পার হতে সাত-আট ঘণ্টা সময় লাগতে পারে না। এখন হা-হুতাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকছে না।’