ছয় কার্যদিবসেও তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরীকে গতকাল মঙ্গলবার ষষ্ঠ দিনের জেরা করেছেন আসামি হাফিজুর রহমানের আইনজীবী। জেরা শেষ না হওয়ায় আদালত আজ বুধবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। তবে হরতালের কারণে আজ জেরা হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।একজন সাক্ষীকে এত দিন ধরে জেরা করাটা সময়ক্ষেপণের কৌশল বলে মনে করছেন চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেরার মধ্যে বেশির ভাগ প্রশ্ন অপ্রাসঙ্গিক বলে মনে হয়। জেরার গতি দেখে মনে হচ্ছে, মামলাটি পরিণতির দিকে নিয়ে যেতে আগ্রহী নয় আসামিপক্ষ।’ রাষ্ট্রপক্ষ থেকে বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি।চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি হাফিজের আইনজীবী মাহমুদুর রহমান। তিনি অস্ত্রের চালান পরিবহনকারী মূল জাহাজের (মাদার ভেসেল) অবস্থান এবং এ ঘটনায় নৌবাহিনীর কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, জানতে চান।জবাবে তদন্ত কর্মকর্তা ও সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মাদার ভেসেল থেকে অস্ত্র খালাস করে ট্রলারযোগে সিইউএফএল জেটিঘাটে ভেড়ানো হয়। তদন্তকালে এ ব্যাপারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।আইনজীবী: সিইউএফএল জেটিঘাট থেকে খালাসের সময় কিছু অস্ত্র সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দিন চুরি করেছেন কি?তদন্ত কর্মকর্তা: দশ ট্রাক অস্ত্রের চালানের সঙ্গে আলাউদ্দিন ও হেলালউদ্দিনের কাছে পাওয়া অস্ত্রের কোনো মিল নেই। বিষয়টি সেনাবাহিনীর বিশেষজ্ঞরা পরীক্ষার পর নিশ্চিত করেছেন।আইনজীবী: আসামি হাফিজকে কতবার ও কত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কোথায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে?তদন্ত কর্মকর্তা: কতবার ও কত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা মামলার নথিতে আছে। হাফিজের আইনজীবীর জেরা অসমাপ্ত রেখে আদালত আজ বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন বিচারক এস এম মজিবুর রহমান।প্রসঙ্গত, ১০ ট্রাক অস্ত্র মামলায় অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি হাফিজুর রহমান। তিনি দীর্ঘদিন চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে জবানবন্দি দিয়ে এই অস্ত্রের চালান আনার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তাতে তিনি বলেন, এসব অস্ত্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছিল।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় পুলিশের করা দুটি মামলায় বিগত চারদলীয় জোট সরকারের আমলে অভিযোগপত্র দেওয়া হয়। তাতে যথাক্রমে ৪৩ ও ৪৫ জনকে আসামি করা হয়। বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শেষে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক কয়েকজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাসহ আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।