কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ একটি খাল তিন বছরের জন্য ইজারা নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ‘ডেমুসিয়া বদ্ধ জলমহাল’ নামের এই খালের আয়তন প্রায় ১৫০ একর। উন্মুক্ত জলাশয় ও খাল-বিল ইজারা দেওয়ার বিধান নেই। এ কারণে ‘মিঠাপানির বদ্ধ জলমহাল’ হিসেবে ইজারা নেওয়া হয় এই খাল।স্থানীয় প্রশাসন স্বীকার করেছে, কাজটা ঠিক হয়নি। ভবিষ্যতে আর এভাবে খাল ইজারা দেওয়া হবে না।অভিযোগ উঠেছে, এখন খালের স্লুইসগেট খুলে দিয়ে রাতের আঁধারে সমুদ্রের লোনা পানি ঢোকানো হচ্ছে। খালের লোনা পানিতে মূলত বিভিন্ন প্রজাতির দামি চিংড়ি মাছের চাষ করা হচ্ছে। দেড়-দুই মাসে মাছ বড় হলে সেটা ধরার জন্য আবার স্লুইটগেট খুলে পানি বের করা হয়। পরে আবার ঢোকানো হচ্ছে সমুদ্রের পানি। এভাবে মিঠাপানির জলমহালটি এখন পরিণত হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের লোনা পানির মাছ চাষ কেন্দ্রে। প্রশাসন সূত্র জানায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুরুল আবছার, মাতামুহুরী সাংগঠনিক থানার আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, যুগ্ম আহ্বায়ক মহসিন বাবুলসহ দলের ২৫ নেতা-কর্মী ‘চক চেম্বার’ নামের একটি সংস্থা গড়ে তোলেন। এই চক মেম্বারের সদস্যরা কৌশলে ‘ডেমুসিয়া বদ্ধ জলাশয়’ ইজারা নেন। এই খালের মাছ চাষের টাকা ভাগাভাগি নিয়ে ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। আবছার-পক্ষ এখন এলাকা থেকে বিতাড়িত। সিরাজুল-পক্ষ মাছ বিক্রির টাকা সংগ্রহ করছে।অভিযোগ আছে, খাল ইজারা নেওয়ার ব্যাপারে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন বিগত তিনটি সংসদ নির্বাচনে ওই এলাকা থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে হেরে যান। তবে তিনি দলীয় নেতাদের জন্য খাল ইজারা দেওয়ার ব্যাপারে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেন।প্রশাসন সূত্র জানায়, কক্সবাজার জেলা প্রশাসন ২০০৯ সালের নভেম্বরে তিন বছর মেয়াদের জন্য ডেমুসিয়া বদ্ধ জলমহাল ইজারা দেয়। ইজারার আগে যুগ যুগ ধরে এই খালের পানি ব্যবহার করে আশপাশের চার ইউনিয়নে ব্যাপকভাবে বোরো ধান ও শীতকালীন শাকসবজির চাষাবাদ হতো। ইউনিয়নগুলো হচ্ছে বদরখালী, ডেমুসিয়া, কোনাখালী ও পশ্চিম বড় ভেওলা। খালপাড়ের আড়াই-তিন হাজার পরিবারের আয়-রোজগার ছিল খালকে কেন্দ্র করেই। মাছ ধরা ও খালের পানি দিয়ে চাষাবাদ করে জীবন যাপন করছিল এসব পরিবার। ধানের খড় ব্যবহারের জন্য তাঁরা গরু-মোষও পালন করতেন। কিন্তু এবার লবণাক্ততার কারণে ধান নষ্ট হওয়ায় গ্রামবাসী গরু-মোষ পালন নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছে।এ প্রসঙ্গে কোনাখালী ইউনিয়নের আম্মার ডেলার কৃষক আবু তালেব মিয়া বলেন, ‘আমরা না হয় খেয়ে না-খেয়ে কষ্ট করে বাঁচতে পারব। কিন্তু ধান না হলে খড়ের অভাবে গরু-মহিষ বাঁচাব কী করে?’এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইজারাদারেরা ডেমুসিয়া খালে সর্বসাধারণের মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। খালের লবণাক্ত পানির কারণে এখন ওই এলাকার চাষাবাদ হুমকির মধ্যে। লোনা পানি সেচ দেওয়ার পর থেকে বোরো ধানের চারাগাছ মরতে শুরু করেছে। খালের পানির লবণাক্ততা বাড়ায় ওই এলাকায় সুপেয় পানির সংকট এখন তীব্র। এ নিয়ে উপজেলার চার ইউনিয়নের কয়েক হাজার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইজারা দেওয়ার আগে এই বিস্তীর্ণ জলাশয়ের নিয়ন্ত্রণ ছিল মৎস্য বিভাগের হাতে। দুই পাড়ের মানুষের ব্যবহার ও মাছ ধরার জন্য এটি ছিল উন্মুক্ত জলাশয়। তা সত্ত্বেও মৎস্য বিভাগ এই জলমহাল থেকে বছরে প্রায় ৪০০ মেট্রিক টন মাছ উৎপাদন করত। বাজারমূল্যে এর দাম প্রায় আট কোটি টাকা। আগে জলাশয় জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। ফলে এলাকার লোকজন খেয়ে বিক্রির পরও মৎস্য বিভাগ বছরে প্রায় ২০০ মেট্রিক টন মিঠাপানির মাছ বিক্রি করত। আর এখন তিন বছরের জন্য এই জলমহাল ইজারা দেওয়া হয় বছরে মাত্র সাড়ে আট লাখ টাকায়।চকরিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সরোয়ার জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘একসময় এই বদ্ধ জলাশয় মৎস্য বিভাগের নিয়ন্ত্রণে থাকায় এলাকার লোকজন ইচ্ছামতো মাছ-পানি ব্যবহারের পরও আমরা বছরে প্রায় ২০০ মেট্রিক টনের মতো মাছ বিক্রি করতে পারতাম। এখন ইজারা দেওয়ায় কেউ মাছ ধরতে পারে না।’চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ডেমুসিয়া খাল বদ্ধ জলমহাল হিসেবে ইজারা দেওয়া ঠিক হয়নি। ভবিষ্যতে এটা আর ইজারা দেওয়া হবে না। উপজেলা সমন্বয় বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেয়াদ শেষ হলে এই খাল আর ইজারা দেওয়া হবে না।’ খালের লোনা পানির কারণে এলাকায় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির বিষয়টি স্বীকার করে ইউএনও বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিরা এটা আমাকে জানিয়েছেন।’যেভাবে ইজারা দেওয়া হয়: ডেমুসিয়া খাল ইজারা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন আওয়ামী লীগের নেতারা। সরকারি নীতিমালা অনুযায়ী খাল-বিল ইজারা দেওয়ার সুযোগ নেই। কিন্তু বদ্ধ জলাশয় প্রকৃত মৎস্যজীবী কিংবা মৎস্যজীবীদের সংগঠনের নামে ইজারা দেওয়ার বিধান আছে। এই সুযোগ কাজে লাগিয়ে চকরিয়া আওয়ামী লীগের নেতারা একটি মৎস্যজীবী সংগঠনের নামে ডেমুসিয়া বদ্ধ জলমহাল ইজারা নেন। এ জন্য দরপত্র আহ্বান করা হলে আওয়ামী লীগের নেতারাই ইজারা পান। দলীয় সূত্র জানায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা নুরুল আবছার, সিরাজুল ইসলাম চৌধুরী, মহসিন বাবুলসহ দলের ২৫ জন নেতা-কর্মী জোটবদ্ধ হয়ে চক চেম্বার নামে একটি সংস্থা গড়ে তোলেন। এই সংস্থার আওতায় তাঁদের কেউ ৫০ হাজার টাকা, কেউ ৩৫ হাজার টাকা করে চাঁদা দিয়ে একটি তহবিল গড়েন। এই তহবিলের টাকা খরচ করে ‘ডেমুসিয়া বদ্ধ জলাশয়’ ইজারা নেওয়া হয় ‘ডেমুসিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ নামের মৎস্যজীবীদের একটি সংস্থার নামে।ডেমুসিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী মানিক প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতাদের নিয়ে গঠিত চক চেম্বারের তহবিল থেকে খাল ইজারা নেওয়া হয়েছিল। এ জন্য সমিতিকে কিছু ভাগ দেওয়া হবে বলে মৌখিক সিদ্ধান্ত হয়। কিন্তু আবছার ও বাবলার মধ্যে বিরোধের ফলে তৃতীয় একটি পক্ষ এসে খালের নিয়ন্ত্রণ নেয়। ফলে সমিতির আর লাভ হচ্ছে না।নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘মৎস্যজীবীদের সমবায় সমিতি ছাড়া অন্য কেউ জলমহাল ইজারা নিতে পারে না। তাই আমরা একটি সমিতির নাম ব্যবহার করে ইজারা নিয়েছি। জলমহাল যে আমরা পরিচালনা করব, সেটা নিয়ে সমিতির সঙ্গে আমাদের আলাদা চুক্তি হয়েছে।’ তিনি বলেন, ‘দরপত্রে অংশ নিতে অনেকেই এসেছিলেন। আমরা সবাইকে ম্যানেজ করেছি। এ কারণে ইজারা আমরা পাই।’