ছয় খুনিকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অগ্রগতি নেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত অপর ছয় খুনিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি নেই। তাঁদের মধ্যে লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। কিন্তু বাকি পাঁচজনের ব্যাপারে গত দেড় বছরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।জানতে চাইলে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে এ নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।’বঙ্গবন্ধুর অপর পাঁচ খুনি কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, এ কে এম মহিউদ্দিন, মহিউদ্দিন আহমেদ ও বজলুল হুদার ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালের ২৭ জানুয়ারি রাতে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, পলাতক এই ছয়জন যুক্তরাষ্ট্র, লিবিয়া ও কানাডায় অবস্থান করছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে। তাঁদের একজন নূর চৌধুরী বেশ কিছু দিন জার্মানিতে লুকিয়ে থাকার পর কানাডায় অবস্থান করছেন। কানাডায় তাঁর রাজনৈতিক শরণার্থী হিসেবে থাকার আবেদন খারিজ হয়ে গেছে। অপরজন লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। তিনিও কানাডায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। রাশেদকে দেশে ফেরত আনার ব্যাপারে মার্কিন সরকারকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।সূত্র জানায়, অপর চারজনের সর্বশেষ অবস্থানের বিষয়ে সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক তথ্য তাঁদের কাছে নেই। তবে বিভিন্ন সূত্রের তথ্য থেকে জানা গেছে, তাঁদের মধ্যে লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ থাকেন মূলত লিবিয়ার বেনগাজি শহরে ও পাকিস্তানে। লে. কর্নেল শরিফুল হক ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকেন্দ্রিক হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও ইউরোপে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, অপর দুজন ক্যাপ্টেন আবদুল মাজেদ বেনগাজি ও পাকিস্তানে এবং রিসালদার মোসলেম উদ্দিন লিবিয়ায় অবস্থান করেন।নূর চৌধুরী সম্পর্কে জানতে চাইলে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার এ এম ইয়াকুব আলী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাঁর (নূর চৌধুরী) সব আবেদনই কানাডার সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে খারিজ হয়ে গেছে। আদালতের রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে, তাঁকে কানাডা থেকে বহিষ্কার করা হবে। তবে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ায় এখনই তাঁকে বাংলাদেশে হস্তান্তর করা হবে কি না, তা স্পষ্ট নয়।’ তিনি বলেন, ‘যদিও আইনি প্রক্রিয়ার কারণে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়া বিলম্বিত হচ্ছে, তারপরও তাঁকে ফিরিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে যোগাযোগ চলছে।’প্রসঙ্গত, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পালিয়ে থাকা সাতজনের মধ্যে আবদুর রশিদ ও মোসলেম উদ্দিন দূতাবাসে চাকরি নেননি। অন্য পাঁচজন অর্থাৎ শরিফুল হক ডালিম, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, লে. কর্নেল আবদুল আজিজ পাশা ও আবদুল মাজেদ একাধিকবার বাংলাদেশ মিশনে কাজ করেন। তাঁদের মধ্যে আজিজ পাশা ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।