ছয় ঘণ্টা পর কুমিল্লা-সিলেট মহাসড়ক স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ বুধবার সকালে একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ছয় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে সেতুর দুই পাশে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুটি মেরামত করার পর বেলা তিনটায় যান চলাচল শুরু হয়।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল নয়টার দিকে উপজেলার কুটি চৌমুহনী বাস টার্মিনালসংলগ্ন ক্ষতিগ্রস্ত বেইলি সেতু দিয়ে মালবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে পড়ে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেতু থেকে ট্রাকটি সরিয়ে পাটাতন মেরামত করা হয়। পরে বেলা তিনটায় আবার যান চলাচল শুরু হয়।কসবা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।