ছয় ঘণ্টা পর ট্রেন চালু, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে রুহুল আমিন (২৮) নামের একজন যাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে সব ধরনের ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ ছিল। বিকেল সাড়ে তিনটায় পাশের অন্য একটি লাইন দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।এদিকে এ ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত রুহুল আমিনের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের। রুহুলের বাড়ি পাবনায়।সুন্দরবন এক্সপ্রেসের গার্ড আলাউদ্দিন জানান, টঙ্গী রেল জংশন পেরিয়ে জয়দেবপুর যাওয়ার পথে ওই এলাকায় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পাশের খাদে অর্ধেক পড়ে যায়। এ সময় ইঞ্জিনের পরের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে চালক মজিবুর রহমান ও সহকারী চালক ইন্দ্রজিত্ সরকারসহ ২০ জন আহত হন। এর মধ্যে বেশ কয়েকজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে দুপুর সাড়ে ১২টার দিকে রেলমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট করে দুটি তদন্ত কমিটি গঠন করেছেন। এর মধ্যে রেলওয়ের ঢাকা বিভাগীয় তদন্ত কমিটিকে চার দিনের মধ্যে ও পূর্বাঞ্চলীয় তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।একই সঙ্গে রুহুলের লাশ পাঠানোর খরচ রেলওয়ে কর্তৃপক্ষকে বহন করার নির্দেশ দেন মন্ত্রী। আহতদের দেখতে তিনি হাসপাতালে যান।এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেনের যাত্রীরা বিভিন্ন উপায়ে যে যার গন্তব্যের উদ্দেশে রওনা হন।গাজীপুরের দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যার আগে বগিগুলোকে লাইনে তোলা সম্ভব হবে না। আর ক্ষতিগ্রস্ত রেললাইন ঠিক করতে অন্তত আরও দুই দিন লাগবে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, রুহুলের সঙ্গে থাকা মুঠোফোনের সেট থেকে তাঁর পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।