ছয় ছাত্র হত্যা, জড়িত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, ‘ছাত্ররা কেউ ডাকাত ছিল না। এ ঘটনায় পুলিশের ভূমিকায় কিছু ব্যত্যয় ঘটেছে।’ এ ঘটনায় জড়িত পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।আজ রোববার বিকেল পাঁচটার দিকে কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদনটি পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারের কাছে জমা দেন। কমিটির প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) আমিরউদ্দিন বলেন, ‘আমরা মামলা তদন্ত করিনি। ওই ঘটনায় পুলিশের ভূমিকা কী ছিল, তা তদন্ত করেছি।’ প্রতিবেদন দেওয়ার পর এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কমিটির প্রধান আমিরউদ্দিন এসব তথ্য জানান।প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে রাজধানীর শহরতলিতে আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছয়জন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনেই গ্রামবাসী ছয়জনকে পিটিয়ে মারলেও পুলিশ তাঁদের বাঁচানোর চেষ্টা করেনি।