ছয় ছাত্র হত্যা নিয়ে পুলিশের প্রতিবেদন প্রকাশের দাবি টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে গঠিত পুলিশের বিভাগীয় কমিটির প্রতিবেদনে নিহত ছাত্ররা নির্দোষ প্রমাণিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সোমবার দুর্নীতিবিরোধী ওই সংস্থাটি বলেছে, পুলিশের প্রতিবেদনের যথার্থতা তখনই প্রমাণিত হবে, যখন তা সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে আইনি প্রক্রিয়ায় দোষী ব্যক্তিদের শান্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের একটি নিকৃষ্ট উদাহরণ এবং এটি সুশাসনের প্রধানতম অন্তরায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘বিভাগীয় তদন্ত কমিটি ব্যতিক্রমী পেশাদারির স্বাক্ষর রেখেছে। আমরা পুরো প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশের জোর দাবি জানাই।’ওই বিবৃতিতে লিমন, কাদের এবং রূপগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে এর আগে বিভিন্ন সময়ে র্যাব, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।