ছয় ছাত্র হত্যা মামলা তদারকি সেলে
আমিনবাজারে শবে বরাতের রাতে ছয় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা পুলিশের মামলার তদন্ত ও বিচার দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলের ৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সভাপতিত্ব করেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সভায় ১২টি মামলা পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, বসুন্ধরা গ্রুপের টেলিকমিউনিকেশন ও নেটওয়ার্ক ডাইরেক্টর হুমায়ুন কবীর ওরফে সাব্বির হত্যা মামলা, সিলেটে আনোয়ার আবেদীন হত্যা এবং রমনা জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ ইসহাক অপহরণ ও হত্যা মামলা।এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার বিচারিক অগ্রগতি তাঁর জানা নেই। তাঁরা শুধু মামলার যথাযথ তদন্ত কার্যক্রম তদারকি করেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিপ্লবের দণ্ড মওকুফ-সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি যা করেছেন, তা সাংবিধানিক ক্ষমতা বলে করেছেন।ওই সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মধ্যকার সমন্বয়ক মহাপরিদর্শক (আইজিপি) ফণীভূষণ চৌধুরী, পুলিশ, সিআইডি, র্যাব ও তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলের ৬৮তম সভা হয়।