ছয় ছাত্র হত্যার দুই আসামি ৪ দিনের রিমান্ডে
সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি রাশেদ ও রানাকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ আজ মঙ্গলবার এ আদেশ দেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সিরাজুল হক দুই আসামিকে আজ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের জন্য চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাশেদ ও রানাকে চলতি বছরের ২৩ মে গ্রেপ্তার করা হয়।গত বছরের ১৭ জুলাই গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড় বরদেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। নিহত ছাত্ররা হলেন শামস রহিম শাম্মাম (১৭), তৌহিদুর রহমান পলাশ (২০), ইব্রাহিম খলিল (২১), টিপু সুলতান (১৯), সিতাব জাবীর মুনিব (২০) ও কামরুজ্জামান কান্ত (১৬)।নিহত ছয়জনের মধ্যে তিনজন মিরপুর বাঙলা কলেজের ছাত্র, একজন তেজগাঁও কলেজের, একজন ইংরেজি মাধ্যম স্কুল ম্যাপললিফের ও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।