ছয় ছাত্র হত্যায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাছে আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গ্রেপ্তার-আতঙ্কে অনেকে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বড়দেশীর পশ্চিমপাড়ার সানোয়ার হোসেন (২৭) ও সেলিম মৃধা (২৬)। সানোয়ার মুদি দোকানদার ও সেলিম বাসচালক বলে জানা গেছে।সাভার থানার পুলিশ জানায়, গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে তাঁরা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার পরিদর্শক মতিয়ার রহমান জানান, ঘটনার পর থেকেই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু হত্যাযজ্ঞে বেশি লোক অংশ নেওয়ায় মূল হোতাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।এলাকায় গিয়ে জানা যায়, বড়দেশী গ্রামের পশ্চিমপাড়ার মৃধা বাড়িতে সেলিমের বাসার ঠিক সামনেই সানোয়ারের বাসা। তাঁরা দূর সম্পর্কের মামা-ভাগনে। আমিনবাজার সড়কের পাশে সানোয়ারের মুদি দোকান আছে। চুরি হয় বলে তিনি সেখানেই রাতে ঘুমান। আর সেলিম জনসেবা পরিবহনের বাসচালক।পরিবারের সদস্যদের দাবি, ছাত্র হত্যার সঙ্গে সেলিম ও সানোয়ার জড়িত নন। ক্যাবলার চরটি বড়দেশী গ্রামের পূর্বপাড়াসংলগ্ন। পশ্চিমপাড়া থেকে চরটি অনেক দূরে। ঘটনার দিন পূর্বপাড়ার মানুষই ছাত্রদের পিটিয়ে মেরেছে। অথচ পুলিশ গ্রেপ্তার করছে পশ্চিমপাড়া থেকে।সেলিমের মা মনুজা সাংবাদিকদের কাছে নিজের ছেলের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন। বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত। মাদক খাওয়ার জন্য সে বাসার টিভি, ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রি করেছে। টাকা না দিলে সে মারধর করত।’একজন গ্রামবাসী জানান, সেলিম শুধু মাদকাসক্ত নন; মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।গ্রেপ্তার-আতঙ্ক: গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে বড়দেশী গ্রামজুড়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় ও ভাড়াটে দুই ধরনের মানুষ বসবাস করে সেখানে। অনেক ভাড়াটে গ্রাম ছেড়ে চলে গেছে। স্থানীয় লোকদের মধ্যেও কেউ কেউ এলাকা ছেড়েছে। দুজন গ্রেপ্তারের পর অনেকে দোকানও খোলেনি। অপরিচিত কারও সঙ্গে কেউ কথা বলতে চায় না।স্থানীয় ব্যবসায়ী মিজান ১৯৯৫ সালে ঢাকা কলেজ থেকে বিএ পাস করে বের হন। কলেজের ব্যবহূত পরিচয়পত্র (আইডি কার্ড) পকেটে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, ‘স্থানীয় হওয়ায় এবং ব্যবসা করায় কোথাও যাওয়ার সুযোগ নেই। এ জন্য আইডি কার্ড নিয়ে ঘুরছি। পুলিশ ধরলে কার্ড দেখিয়ে বলি, আমিও ছাত্র ছিলাম।’চায়ের দোকানদার মো. নুরু জানান, তাঁর দোকানে আগে মানুষের ভিড় ছিল। এখন আসা বন্ধ করে দিয়েছে। একদিকে আতঙ্ক, অন্যদিকে ব্যবসায় ভাটা পড়ায় দুশ্চিন্তা। তাঁর সঙ্গে কথা বলার সময় পরিবারসহ ব্যাগ নিয়ে যাচ্ছিলেন লেবু মিয়া। জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, ভয় লাগতাছে। গ্রামের বাড়ি জামালপুরে চইলা যাইতেছি।’নাজমা নামের এক ভাড়াটে বলেন, ‘আইজ (গতকাল) সকালে কয়েকজন পুলিশ আইসা কইল, স্থানীয়রা পালাইছে। তোমরা রইয়া গেছ ক্যান। তাড়াতাড়ি পালাও, নইলে বিপদে পড়বা।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, পুরো বড়দেশী গ্রাম যেন মাদকের আখড়া। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও কয়েকজন প্রভাবশালী লোক এই ব্যবসা নিয়ন্ত্রণ করেন। তাঁদের নেতৃত্বেই ওই দিন হত্যাযজ্ঞ হয়। অথচ তাঁদের কথা জেনেও পুলিশ ধরছে না।ঘটনার দিন, অর্থাৎ ১৭ জুলাই গভীর রাতে বড়দেশী পূর্বপাড়া জামে মসজিদ থেকে মাইকে ‘ডাকাত ডাকাত’ ঘোষণা দেন মুয়াজ্জিন মো. আবদুল কাদের। তিনি জানান, রাত একটার দিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূর হাবীব তাঁকে ফোন করে এলাকায় ডাকাত আসার কথা জানান এবং দ্রুত মাইকে ঘোষণা করতে বলেন। এরপর তিনি মাইকে ঘোষণা দেন। তিনি বলেন, ‘পরের দিন পত্রিকায় পড়ে যখন জানতে পারলাম তারা ছাত্র ছিল, তখন খুব খারাপ লাগল। কী করব, আমি তো একজনের অধীনে চাকরি করি।’মুঠোফোনে যোগাযোগ করা হলে নূর হাবীব বলেন, ডাকাত-আতঙ্কে এলাকায় কয়েকজন পাহারা দিতেন। তবে ঘটনার দিন শবে বরাত থাকায় কেউ পাহারা দেয়নি। তিনিও ঘুমিয়ে ছিলেন।