ছয় ছাত্র হত্যায় হাইকোর্টের রুল, এলাকায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারের বড়দেশী গ্রামে গণপিটুনিতে নিহত ছয় ছাত্রের জীবন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এদিকে গ্রামবাসীর পিটুনিতে বেঁচে যাওয়া তরুণ আল আমিন গতকাল বলেছে, তারা বড়দেশী গ্রামে ঘুরতে গিয়েছিল, গাঁজা কিনতে নয়। তার দাবি, পুলিশের চাপে সে গণমাধ্যমের কাছে মিথ্যা কথা বলেছিল।ছয় ছাত্র হত্যার প্রতিবাদে গতকালও এলাকায় মানববন্ধন ও মিছিল হয়েছে। খুনিদের ফাঁসির দাবিতে দারুস সালাম এলাকায় সাঁটানো হয়েছে অনেক পোস্টার। মিরপুর বাঙলা কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ও দারুস সালাম এলাকাবাসী প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় মিছিল ও মানববন্ধন করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।হাইকোর্টের রুল: বেসরকারি সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের মহাসচিব আইনজীবী তাজুল ইসলাম ছয় ছাত্র হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বুধবার আদালতে একটি রিট আবেদন করেন। বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এ ছাড়া নিহত ছাত্রদের পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং আশুলিয়া ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। রিট আবেদনকারী তাজুল ইসলাম বলেন, আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন।আল আমিনের ভিন্ন কথা: সোমবার সকালে পুলিশ হেফাজতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল আমিন প্রথম আলোকে বলেছিল, তারা গাঁজা কিনতে ওই এলাকায় গিয়েছিল।আগে গাঁজা কেনার কথা বললেও গতকাল আল আমিন বলে অন্য কথা। সে বলে, শবে বরাতের নামাজের পর তারা সাতজন মিলে খাবার কেনার জন্য গাবতলী যায়। কিন্তু বেশি আগে খাবার কিনে রাখলে ঠান্ডা হয়ে যাবে, এ জন্য তারা কোথাও সময় কাটানোর পরিকল্পনা করে। সেই অনুযায়ী আমিনবাজার সেতুর পাশের লোহার সেতু পায়ে হেঁটে পার হয়ে ট্রাক টার্মিনালের পাশ দিয়ে ক্যাবলার চরে যায়। আল আমিনের বাবা হবি বেপারির অভিযোগ, পুলিশ তাঁর ছেলের যথাযথ চিকিৎসা করায়নি। এখন তাঁর পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।গতকাল বড়দেশী গ্রামে ঘুরে জানা গেছে, আইনি ঝক্কি এড়াতে অনেকে গ্রাম ছেড়েছে। দারুস সালাম এলাকায় কালও ছিল শোকাবহ পরিবেশ। তবে বেঁচে যাওয়া আল আমিনদের বাড়ির পরিবেশ ছিল ভিন্ন। এ ঘটনায় এক বালু ব্যবসায়ীর করা ডাকাতির মামলার আসামি আল আমিন মঙ্গলবার জামিনে ছাড়া পেয়েছে। ছেলে বেঁচে ফিরেছে, এতেই খুশি আল আমিনের বাবা হবি বেপারি। গতকাল সকাল থেকে আল আমিনদের এক কামরার বাসায় মানুষের ঢল নামে। হবি বেপারি বলেন, হাজার হাজার মানুষ তাকে দেখতে আসছে, দলে দলে সাংবাদিকেরা আসছেন। ছেলেটা ঠিকমতো খেতে, বিশ্রাম নিতেও পারছে না।