ছয় জেলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে দুই শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর, সুনামগঞ্জ, জামালপুর, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে গণমিছিলকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার পর বিভিন্ন সময়ে ছয় জেলায় পৃথক এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে। দিনাজপুর: পূর্বনির্ধারিত গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে চারদলীয় জোটের সহাস্রাধিক নেতা-কর্মী দিনাজপুর ইনস্টিটিউটে জড়ো হলে পুলিশ ইনস্টিটিউটের সামনের রাস্তায় ব্যারিকেড দেয়। দুুপুর ১২টার দিকে গণমিছিলে আসা নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে বের হলে পুলিশ মিছিলকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করে। এ সময় পুলিশের ১৫ সদস্যসহ অন্তত ৭৫ জন মিছিলকারী আহত হয়। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা শহরের বিভিন্ন রাস্তায় ছোটোছুটি করার সময় আতঙ্কে শহরের সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর থেকে শহরের পরিস্থিতি শান্ত হতে শুরু করে। সুনামগঞ্জ: সকালে শহরের স্টেডিয়াম এলাকা থেকে বিএনপি গণমিছিল বের করলে ট্রাফিক পয়েন্ট এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জ করলে পাঁচজন আহত হয়। একই সময় আরেকটি মিছিল শহরের কাজীর পয়েন্ট এলাকা থেকে বের হলে পুলিশ তাতেও বাধা দেয়। জামালপুর: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত শহরের দয়াময়ী মাঠে বিএনপি সমাবেশ করে। সোয়া একটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলীর নেতৃত্বে গণমিছিল বের হলে দয়াময়ী মন্দিরের সামনে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার ও অন্যান্য পুলিশ সদস্যের হাতাহাতি শুরু হয়। মজিবুর নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেলের আঘাতে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান ও কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরগুনা: বেলা ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে গণমিছিল বের হলে শহরের সদর রোডে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির উত্তেজিত কর্মী ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পুলিশ এ সময় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপির কর্মীরা দুপুর ১২টার দিকে শহরের পৌরসভা চত্বরে সমাবেশ করেন। এ সময় সমাবেশ থেকে একদল বিক্ষুব্ধ কর্মী বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ও উপপরিদর্শক (এসআই) মনসুর আহম্মেদের মোটরসাইকেল পুড়িয়ে দেন। সংঘর্ষে পুলিশের ১৫ জন সদস্য ও বিএনপির অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। বেলা সোয়া একটায় জেলা ছাত্রলীগ এ ঘটনার প্রতিবাদে মিছিল বের করে বিএনপির কার্যালয় ভাঙচুর করে।জেলা পুলিশ সুপার মাহবুব হাকিম দুপুরে প্রথম আলো অনলাইনকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে নির্যাতন চালিয়েছে। এতে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা পুলিশের ভয়ে হাসপাতালে চিকিত্সা নিতে পারছেন না।’ ব্রাহ্মণবাড়িয়া: বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গণমিছিলের সময় জামায়াত-শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বাধে। ভয়ে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে কালীমন্দির মোড়ে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, এতে পুলিশের দুই সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। কুড়িগ্রাম: শহরের বাজার কালীবাড়ি এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ওই কর্মীরা লাঠিসোঁটাসহ একটি পুলিশ ভ্যানের ওপর হামলা চালালে গাড়ির চালক গুরুতর আহত হন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে পিকেটারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। পুলিশ জানায়, এই হামলায় পুলিশের পাঁচ-ছয়জন সদস্য আহত হয়েছেন। তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাছিবুর রহমান জানান, বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পুরাতন পোস্ট অফিসপাড়ায় গেলে তিনিও পিকেটারদের ঢিলের মুখে পড়েন।