ছয় জেলায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৫৮
বিএনপির ডাকা হরতালের আগে নাশকতার আশঙ্কায় পুলিশ গতকাল শুক্রবার ও আজ শনিবার রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, পটুয়াখালী, কুড়িগ্রাম, নীলফামারী ও চট্টগ্রামের পটিয়া থেকে ১৫৮ জনকে গ্রেপ্তার করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: রাজশাহী জেলা পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন জানান, শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানায় ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তারা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টধারী আসামি। এঁদের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক আহাম্মেদ হুসাইনও আছেন। এ ছাড়া রাজশাহীর পবা উপজেলার কাঁটাখালী এলাকা থেকে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এঁদেরকে গত ২৭ জুন মতিহার থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।শাহ মখদুম থানার পুলিশ জানায়, ওই থানায় ছাত্রদলের সাবেক সভাপতি আমিন শেখ ও সমর্থক মন্টু আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ নভেম্বরের হরতালের সময় বোয়ালিয়া থানায় দায়ের করা একটি মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ ভোররাতে বাগমারা থানার পুলিশ এ বিশেষ অভিযান চালায়।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩০ নভেম্বরের হরতালে সহিংসতার ঘটনা ঘটাতে পারে—এমন কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানার পুলিশ।পটুয়াখালী: পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি তৌফিক আলী খানসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সদর থানার পুলিশ তিনজনকে এবং বাউফল থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, শহরের চকবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নসহ ধ্বংসাতক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা জানান, হরতালের সময় সম্ভাব্য নাশকতা ঠেকাতে এদেরকে আটক করা হয়। কুড়িগ্রাম: কুড়িগ্রামের সদর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী থানার পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতা-কর্মীকে আজ ভোররাতে গ্রেপ্তার করেছে। হরতালের সময় নাশকতামূলক কাজে অংশ নিতে পারে এ সন্দেহে এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জেলা শহরের সিঅ্যান্ডবি ঘাট, পলাশবাড়ী, চৌধুরীপাড়া, চামড়ার গোলা, চর হরিকেশ ও পুরাতন থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর থানার পুলিশ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইনসাফ আলীসহ সাতজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।নীলফামারী: নীলফামারী সদর, জলঢাকা ও সৈয়দপুর থেকে পুলিশ বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে। নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম বলেন, ৩০ তারিখের হরতালকে কেন্দ্র করে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে পারে—এমন আশঙ্কায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।জলঢাকা থানার ওসি লেলিন আলমগীর জানান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায় নূর ইসলাম এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাদাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে পুরাতন বাবুপাড়ার বাসায় অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। আজ সন্ধ্যায় পটিয়া থানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপির কর্মী নুরুল আলম, নুরুল হক, ওয়াহিদুল আলম, মো. ইয়াসিন, মোহাম্মদ সোলায়মান, রকিব ও সুজন।