ছয় জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি
কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, ফরিদপুর ও রাজবাড়ীতে আজ বৃহস্পতিবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।কুড়িগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে সামান্য হ্রাস পেলেও এখনও বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় পানিবন্দী প্রায় সোয়া লাখ মানুষ এক সপ্তাহ ধরে মানবেতর জীবনযাপন করছে। বন্যার কারণে এলাকাবাসী খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি ত্রাণ সহায়তা না পৌঁছায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ।গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে চার সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি তিন সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে দুই সেন্টিমিটার এবং দুধকুমোর নদীর পানি নুনখাওয়া পয়েন্টে চার সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনও ভয়াবহ রূপ নিয়েছে। গত তিন দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, রতনপুর ও কালাসোনা গ্রামের শতাধিক ঘরবাড়ি, প্রায় ১০ একর আবাদি জমি, অসংখ্য গাছপালা, সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ও সিংড়িয়া বাজারের অন্তত ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রতিনিধি জানিয়েছেন, করতোয়া নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উল্লাপাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার লাহিড়ী মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, সলপ, পূর্ণিমাগাঁতী, উল্লাপাড়া সদর ও দুর্গানগর ইউনিয়নের ২৫০টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব গ্রামের প্রায় দুই হাজার হেক্টর জমির সদ্য বোনা রোপা ধান পানিতে ডুবে গেছে। সেই সঙ্গে প্রায় ৫০ হেক্টর জমির মাশকলাই এবং সবজি ইতিমধ্যে ডুবে নষ্ট হয়ে গেছে। বর্তমানে করতোয়া নদীর পানি ঘাটিনা রেল সেতু পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, জামালপুরে যমুনা নদীর পানি আজ মাত্র এক সেন্টিমিটার কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার মেলান্দহ উপজেলায় গত সাত দিন ধরে রোপা আমন ধান পানিতে তলিয়ে থাকায় কৃষকেরা শঙ্কায় রয়েছেন। এ উপজেলার চাড়াইলদার ও পয়লা কজওয়ে ডুবে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় পয়লা কজওয়ে সংলগ্ন একটি সেতুতে ফাটল ধরেছে। বন্যার পানি দ্রুত ছড়িয়ে পড়ায় উপজেলার মাহমুদপুরে এক হাজার ১০০ হেক্টর, নাংলায় এক হাজার ৩১০ হেক্টর, ফুলকোচায় ৫১০ হেক্টর এবং ঘোষেরপাড়া ইউনিয়নে এক হাজার ৮০ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।ফরিদপুর অফিস জানিয়েছে, ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও দুই সেমি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।ফরিদপুর জেলার সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার নয়টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বন্যার ফলে ৫৫ হাজার ৬৪০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সদরপুরে নদীভাঙনের শিকার হয়েছে প্রায় ৪৩২টি পরিবার।গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানিয়েছেন, আজ পদ্মা নদীর অববাহিকায় পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে পানি বাড়ার ফলে জেলার পাংশা উপজেলায় ৫২০ হেক্টর এবং গোয়ালন্দ উপজেলায় ৩০.৫০ হেক্টর জমির আবাদি ফসল তলিয়ে গেছে। বন্যার পানিতে রোপা আমন, বোনা আমন, সবজি, মাষকলাই ও মুগ ডাল নষ্ট হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী।