চাঁদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, নীলফামারী, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে গতকাল রোববার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় আট হাজার ৬১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁদপুর: বিএনপির গণমিছিলের চেষ্টাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতকাল রাতেই ছয় হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করে পুলিশ।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশের কাজে বাধা, হামলা, সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি মামলা করা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে মোট ছয় হাজার লোককে আসামি করা হয়েছে। মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গতকাল সকাল ১০টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে গণমিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ গুলি চালালে আবুল হোসেন মৃধা ও লিমন ছৈয়াল (২৫) নামের দুজন নিহত এবং ৩০ পুলিশসহ অন্তত ৮০ জন আহত হয়।ময়মনসিংহ: পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাদী হয়ে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ৪৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও অনেকের নামেই বিভিন্ন ধারায় মামলা করেছে।ওসি গোলাম সারওয়ার জানান, আজ সোমবার ওই ৪৫ জন আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।নীলফামারী: জেলায় গতকাল পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গতকাল রাতেই ৫২ জনের নামোল্লেখ করে আরও প্রায় তিন শতাধিক ব্যক্তির নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সজীব আনোয়ার (২৯), শাহিনুল ইসলাম (২০), সোহেল (৩২), বড় বাবু (২৫) ও ছোট বাবু (২৫)।সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে নীলফামারী সদর থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন।সদর থানার ওসি জেড এম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনই ছাত্রদলের নেতা-কর্মী। আর এজাহারে যাঁদের নাম উল্লেখ আছে, তাঁরা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী।কুড়িগ্রাম: গতকাল পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় বিএনপি-জামায়াতের ছয় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আজ সোমবার ভোরে জেলা বিএনপির কর্মী হলোখানা এলাকার সোলজার হোসেন (৩৮) ও জেলা যুবদলের কর্মী রফিকুল ইসলামকে (৩৫) আটক করেছে। পর দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।সদর থানার এসআই কফিল উদ্দিন জানান, পথ অবরোধ করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে দ্রুত বিচার আইনে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।অন্যদিকে পুলিশের কাজে বাধাদান, পুলিশকে মারধর, বেআইনি সমাবেশ, দোকানপাট ভাঙচুরের অপরাধে অপর মামলাটির বাদী হয়েছেন এসআই আজিজুল বারী। এই মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, গতকাল বিএনপি-জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে সদর থানার ওসি মইনুল ইসলামসহ পুলিশের ১০ সদস্য আহত হন। এ ছাড়া তারা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে। আসামি ধরার জন্য কুড়িগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।এ ছাড়া গতকাল আটক পাঁচজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও হাসিবুর রহমান জানান, পুলিশ অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছে। নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীরা দুই দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন।কিশোরগঞ্জ: গতকাল বিএনপির গণমিছিলকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আজ সদর থানায় ৭২ জনকে আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের শীর্ষ ১৪ জন নেতা-কর্মীকে আসামি করে জনমনে ত্রাস সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, শক্তির মহড়া ও রাস্তায় ব্যারিকেড সৃষ্টির অপরাধে পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।এই মামলায় আসামি করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুবদলের নেতা করিমুল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু নাসের সুমন ও মিনহাজ।গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মো, আমিরুজ্জামান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক জেলা জজ মো. রেজাউল করিম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ৫৮ জনকে আসামি করে পুলিশ আরেকটি মামলা করে।এদিকে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা মো. আমিরুজ্জামান, জহিরুল ইসলাম মবিন, ইব্রাহীম মোল্লা, করিমুল্লাহসহ ১৬ জন নেতা-কর্মীকে আজ প্রথম শ্রেণীর বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিচারক কাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল কিশোরগঞ্জে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সাংবাদিক, পুলিশ ও নেতা-কর্মীসহ অর্ধশতাধিক আহত হন।লক্ষ্মীপুর: পুলিশের সঙ্গে চারদলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষ ও নিহতের ঘটনায় গতকাল রোববার রাতেই মামলা হয়েছে। এ পর্যন্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।সদর থানার এসআই এনামুল কামাল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিনকে প্রধান আসামি করে ১৮১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ছয়-সাত হাজার জনকে আসামি করা হয়েছে ওই মামলায়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সদর উপজেলার চরমণ্ডল গ্রামের মাহমুদুর নবী সোহেল, টুমচরের মহিউদ্দিন ও বাঞ্ছানগর গ্রামের মো. জুয়েল।পুলিশের ভাষ্যমতে, গতকাল শহরের তেহমুনিতে বিএনপি-জামায়াত মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। বিক্ষোভকারীরাও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন নিহত হন।এদিকে নিহত যুবদলের নেতা রুবেলের বাবা হোসেন আহাম্মদ বাহার বলেন, তাঁর ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ জন্য তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আদালতে মামলা করবেন।অন্যদিকে সদর থানার ওসি গোলাম ছারোয়ার গতকাল প্রথম আলোকে জানান, পুলিশ শটগানে গুলি ছুড়লে বিক্ষোভকারীরাও পাল্টা গুলি ছোড়ে। এতে পুলিশের ২৬ জন আহত হন। তবে রুবেল ও আবুল কাশেম নামের ওই দুই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হননি বলে তিনি দাবি করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবদুল জলিল বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া, দুজনকে হত্যা, গাড়ি ভাঙচুর ও বিনা উসকানিতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় মামলা করা হয়।জেলা বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘পুলিশ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা গুলি করে পাখির মতো মানুষ হত্যার পর উল্টো আমাদের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। তারপরও তত্ত্বাবধায়ক সরকারের দাবির এ আন্দোলন থেকে আমরা পিছপা হব না।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, ময়মনসিংহ অফিসের কামরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, কুড়িগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক সফি খান, কিশোরগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু ও রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি এ বি এম রিপন]