জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল রোববার আধা বেলা হরতাল পালিত হয়েছে। এদিকে পার্বত্য চুক্তি বাতিল ও পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাঙামাটি ও খাগড়াছড়িতে পালিত হয়েছে। এ ছাড়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ সোমবার রংপুরে হরতাল ডেকেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন:নোয়াখালী: বিক্ষিপ্ত পিকেটিং ও সংবাদপত্রের গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে ছাত্রশিবিরের ডাকে আধা বেলার হরতাল হয়েছে। সকাল ছয়টার দিকে জেলার সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় প্রথম আলো পত্রিকা বহনকারী একটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এতে গাড়িটির সামনের দিকের কাচ ভেঙে যায়। সকাল থেকে জেলা শহরের রশিদ কলোনিসহ বিভিন্ন গলির মুখে শিবির কর্মীরা বিক্ষিপ্তভাবে পিকেটিং করেন। এ সময় তাঁরা রশিদ কলোনিতে একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এদিকে হরতালের আগের রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের সাতজন, ছাত্রশিবিরের সাতজনসহ ১৪ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে। ফেনী: শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ছাত্রশিবিরের পিকেটারদের ধাওয়া করে ছত্রভঙ্গ করার সময় কয়েকটি শটগানের গুলি, রাবার বুলেট ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রশিবিরের ডাকা আধা বেলা হরতালের শুরুতে পিকেটাররা মহিপাল পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ইটপাটকেল নিক্ষেপ করে চার-পাঁচটি ট্রাক, কাভার্ড ভ্যান ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।লক্ষ্মীপুর: সকাল সাড়ে সাতটার সময় শহরের উত্তর তেমুহনীতে পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনসহ সাত পুলিশ ও ছয় শিবির কর্মী আহত হন। আহত ব্যক্তিরা হলেন শিবির কর্মী মো. জামাল উদ্দিন, মো. ফরিদ হোসেন, পুলিশের ওসি আলতাফ হোসেনসহ ১৩ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ার শেল ও ফাঁকা গুলি করে। শিবির কর্মীরা এ সময় লক্ষ্মীপুর পৌরসভার একটি কাভার্ড ভ্যান ও এর আগে বাগবাড়ীতে একটি ট্রাক ভাঙচুর করেন। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কেরামত আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল পালন করেছে স্থানীয় ১৮ দল। হরতালে পুলিশ ও বিজিবির সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শিবির কর্মীরা পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়ে এবং অন্তত ১৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৫টি রাবার বুলেট ছুড়ে। হরতালকারীদের ছোড়া ককটেলে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ঘটনাস্থল থেকে তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।দুই পার্বত্য জেলায় ভিন্ন দাবিতে হরতালরাঙামাটি: পার্বত্য চুক্তি বাতিল ও পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল রোববার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। পেয়ার আহম্মদের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও বাঙালি ছাত্র পরিষদ এ হরতালের ডাক দেয়। খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সকাল ১০টায় খেজুরবাগানের সদর উপজেলা কার্যালয়ের সামনে অটোরিকশাচালকদের সঙ্গে পিকেটারদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশাচালকেরা পিকেটারদের ওপর হামলা চালান। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় বাঙালি ছাত্র পরিষদের কর্মী পূর্ণেন্দু ভট্টাচার্য ও নারানখিয়া এলাকার মনো চাকমা আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ একটি ফাঁকা গুলি ছোড়ে। রংপুরে আজ বিএনপির হরতাল গত ১৯ মে রাতে জেলা যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রংপুরে আজ সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।