ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
ছয় দফা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ আলোচনা অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।প্রসঙ্গত, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ১০ ফেব্রুয়ারি লাহোরে এক সম্মেলনে ছয় দফার প্রস্তাব দেন, যা মূলত ছিল বাঙালির স্বায়ত্তশাসনের দাবি। ছয় দফা উপেক্ষিত হওয়ায় আন্দোলন দ্রুতই স্বাধীনতার দাবিতে রূপ নেয়। ১৯৬৬ সালের ১৩ মে পল্টনে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ৭ জুন হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। জুন মাসব্যাপী ছয় দফা প্রচারে বিপুল কর্মসূচি নেওয়া হয়। ৭ জুন তেজগাঁওয়ে বেঙ্গল বেভারেজের শ্রমিক সিলেটের মনু মিয়া গুলিতে প্রাণ হারান। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যান ছয়জন শ্রমিক। ঢাকা-নারায়ণগঞ্জ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে সন্ধ্যায় কারফিউ জারি করতে হয়।