ছয় দফা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী কার্যালয়গুলোয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।এ ছাড়া দিবসটি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানিয়ে বলা হয়, এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় নেতারা ও বুদ্ধিজীবীরা।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আজ এক বিবৃতিতে ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করার জন্য দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।