ছয় দিন পর টেকনাফ স্থলবন্দর চালু, সরকারের ক্ষতি দুই কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর আজ বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে চালু হয়েছে। বন্দর অচল থাকায় সরকারের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।গত ৩১ ডিসেম্বর রাতে দুটি ট্রাকে মিয়ানমার থেকে আমদানি করা অতিরিক্ত শুঁটকি বোঝাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও বন্দরের ব্যবস্থাপকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বন্দর অচল হয়ে গিয়েছিল। আজ বেলা ১১টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে বন্দরের বেসরকারি পরিচালনা কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের দুই কর্মকর্তা জসিম উদ্দিন ও সালাহউদ্দিনকে তিন দিনের মধ্যে প্রত্যাহার এবং অন্যান্য দাবি পূরণের সিদ্ধান্ত হয়। এরপর ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন, বন্দরের আমদানি রপ্তানিকারক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান, বন্দরের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমদ কোরেশি প্রমুখ।স্থলবন্দরের কাস্টম সুপার মো. আনোয়ার মাসুম জানান, গত ছয় দিন বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকারের প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শুল্ক বিভাগের আরেক কর্মকর্তা জানান, ১৫ হাজার টাকার শুঁটকির জন্য সরকারের প্রায় দুই কোটি টাকার রাজস্ব হাত ছাড়া হলো। অনেক ব্যবসায়ীও ক্ষতিগ্রস্ত হলেন। এখন এর দায় কাউকে না-কাউকে নিতেই হবে।