ছয় দিনে ৩০ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ছয় দিনে ৩০ জন খুন হয়েছে। গত শুক্রবার থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে খুলনায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বিএনপি কর্মী ও পরে বিএনপি সমর্থকদের পাল্টাহামলায় আওয়ামী লীগ কর্মী নিহত হন। কিশোরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে এক বিএনপি কর্মী খুন হন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।খুলনা: জেলার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা এলাকায় সোমবার সকাল নয়টার দিকে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন বিএনপির কর্মী ওলি মুন্সি (৬৫)। খবর পেয়ে আওয়ামী লীগের কর্মী নূর ইসলাম (৪৫) ও তাঁর লোকজন রামদা, বল্লমসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ওলির ওপর হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথে ওলির মুন্সির মৃত্যু হয়। পরে ওলির লোকজন নূর ইসলাম ও তাঁর কলেজপড়ুয়া ছেলে আমিনুল ইসলামকে (১৭) এলোপাতাড়ি কোপায়। হাসপাতালে নেওয়ার পথে নূর ইসলামের মৃত্যু হয়। দিঘলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাদের বেগ বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কিশোরগঞ্জ: জেলা সদরের রাকুয়াইল এলাকায় রোববার বিকেলে সন্ত্রাসীদের হামলায় খুন হয়েছেন বায়েজিদ আহমেদ (২৪) নামের ছাত্রলীগের এক কর্মী। সরকারি গুরুদয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বায়েজিদ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের শামসুল হুদার ছোট ছেলে। মঙ্গলবার বিকেলে জেলার ইটনা উপজেলার বড়িবাড়ী গ্রামে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে তৌহিদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলার দোহা-নাগিরাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আবদুল কুদ্দুস বিশ্বাস (৪০) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। এতে ক্ষুব্ধ হয়ে ২০-৩০ জনের বাড়ি ভাঙচুর করেছেন বিএনপির কর্মীরা।তাহিরপুর (সুনামগঞ্জ): যৌতুক নিয়ে বিরোধের জের ধরে শাশুড়ি মল্লিকা বানুকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেছেন জামাতা মোস্তফা মিয়া (৪০)। মঙ্গলবার রাত একটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।পাবনা: সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রী চম্পা খাতুনকে মারধর করেন নরসুন্দর স্বামী শিপন হোসেন (৩০)। ঘুমিয়ে পড়লে শিপনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন চম্পা। পুলিশ চম্পাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামে বসতবাড়ির জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইমরান আলী (৩৫) নামের একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।বেড়া (পাবনা): বেড়া উপজেলার কৈতোলা ইউনিয়নের জয়নগর গ্রামে গতকাল বেলা ১১টার দিকে মির্জা গোষ্ঠীর ইদান মির্জাকে (৩০) বেদম মারপিট ও ফালা বিদ্ধ করে সরদার গোষ্ঠীর লোকজন। দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইদানের মৃত্যু হয়। পরে মির্জা গোষ্ঠীর কয়েক শ লোক সরদার গোষ্ঠীর লোকজনের বাড়িতে হামলা চালায়। গতকাল সকালে একই ইউনিয়নের মাছখালী গ্রামে পল্লি চিকিত্সক দৈয়ম ও রেজাউল করিমের পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার খান মো. আবু নাসের বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সিরাজগঞ্জ: সোমবার বিকেলে সদর উপজেলার ব্রহ্মগাছা গ্রামের ইছামতী নদীতীর থেকে আবদুল মোমিন (২৭) নামের এক তাঁতশ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। ওই দিন রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাট দিঘুলিয়ার চর গ্রামের বাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ নয়নতারার (২৫) লাশ পাওয়া যায়। এ ব্যাপারে করা মামলার এজাহারে বলা হয়েছে, স্বামী বাবু শেখ মারপিটের পর নয়নতারাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান তিনি। পরদিন মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের একটি বাড়ি থেকে মত্স্যচাষি আবদুল হামিদ ফকিরের লাশ পাওয়া যায়।নারায়ণগঞ্জ: শুক্রবার বিকেলে সদর উপজেলার ফতুল্লায় মো. শাহীন (৩০) নামের এক মোটর কারিগরকে গলা কেটে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। ওই দিন রাত দুইটার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সবজি ব্যবসায়ী মাসুম শেখকে (৩৮) ছুরিকাঘাত করে খুন করে ছিনতাইকারীরা। পরদিন শনিবার বেলা ১১টার দিকে শহরের টানবাজার এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তা বিচ্ছিন্ন ঘটনা।বগুড়া: সদর উপজেলার বারুইপাড়া গ্রামে শনিবার বিকেলে আবদুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তাঁর ভাইয়েরা। গতকাল সকালে শহরের মাটিডালী এলাকায় করোতায়া সেতুর নিচে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ পাওয়া গেছে। দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়া উপজেলার তালোড়া খানপুর উত্তরপাড়ায় মোবারক আলী (৬৫) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে গ্রামের একটি বাঁশঝাড়ে তাঁর লাশ পাওয়া যায়। সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরডাঙ্গা বাজারে সোমবার সকালে মাগুরা ইউপির সাবেক সদস্য ও পান ব্যবসায়ী অজিত মণ্ডলকে (৫৫) গলা কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তবিবর রহমান (২৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।নরসিংদী: মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের দুধপট্টি বাজারে রং ও রাসায়নিক দ্রব্যের নিজ দোকানে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন মনজুর রহমান (৩২) নামের একজন ব্যবসায়ী। নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছদরিল্লা গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার বিকেলে জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। টাঙ্গাইল: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোনা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে তিন ভাইয়ের হাতে এক ভাই খুন হয়েছেন। নিহত আবদুল মান্নান (৪২) বেকারকোনা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।ব্রাহ্মণবাড়িয়া: শহরের কাজীপাড়ায় শনিবার রাতে রাশেদ (২০) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাশেদ কাজীপাড়ার ব্যবসায়ী আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। চট্টগ্রাম: মঙ্গলবার রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাটের নয়া খালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মো. সেলিম (৪০) নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার ডোয়াইল কাজীপাড়া গ্রামে রোববার ভোরে জমি নিয়ে বিরোধের জের ধরে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আঁখি খাতুন ফজলুল হকের মেয়ে।মহেশখালী (কক্সবাজার): জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় নজরুল ইসলামকে (২৬) খুন করে তাঁর ভাতিজা। সিলেট: সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগর গ্রামে সোমবার সকালে লাঠির আঘাতে মো. কালা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া-ডালিমা এলাকায় মঙ্গলবার রাতে পাওনা টাকা আদায় নিয়ে শ্বশুর হানিফ হাওলাদারের সঙ্গে তাঁর জামাতা ফোরকান মিয়ার মারামারি হয়। তাঁদের থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হানিফের স্ত্রী মনোয়ারা বেগমের (৫৫) মৃত্যু হয়।জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর পৌর শহরের একটি দোকান থেকে রোববার সকালে কর্মচারী রিংকু ঘোষের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ।