১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রাম আদালতে হাজির করা হলে মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, রেজ্জাকুল হায়দারকে গত সোমবার থেকে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যাবলি সিআইডি তদন্ত করছে বলে গতকাল আদালতের প্রতিবেদনে উল্লেখ করা হয়।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ছয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে রেজ্জাকুল হায়দারের কাছে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। এ ছাড়া অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলায় তাঁর বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ আছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। এ কারণে তাঁকে জামিন না দেওয়ার আবেদন করে সিআইডি। তাই তাঁকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে বিশাল চালানের অস্ত্র আটকের ঘটনায় সরকার পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির সদস্য ছিলেন রেজ্জাকুল হায়দার। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য ওই অস্ত্র আনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তদন্ত সূত্র আরও জানায়, গত বৃহস্পতি ও শুক্রবার সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে সিআইডি কার্যালয়ে রেজ্জাকুলের মুখোমুখি করা হয়। তবে জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু ও পাওয়া তথ্য তদন্তের স্বার্থে প্রকাশ করছে না সিআইডি। আদালত সূত্র জানায়, গত ৯ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম আদালত রেজ্জাকুলের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বছর দুই দফায় নয় দিন এবং এ বছরের ফেব্রুয়ারিতে এক দফায় আরও পাঁচ দিন রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত বছরের ১৫ মে ঢাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন সদস্য ছাড়াও চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাব্বির আলী সম্প্রতি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা অস্ত্র আটকের ঘটনায় এনএসআই ও সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কিছু কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক ও রেজ্জাকুলকে দায়ী করেন। এ মামলায় গত ৩ অক্টোবর বাবরকে গ্রেপ্তার দেখানো হয়।