বৈশ্বিক উষ্ণায়ন রোধে নতুন একটি জোট গঠন করা হচ্ছে। ‘ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার’ নামের এই জোটের সদস্য বাংলাদেশসহ ছয়টি দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার এই জোট গঠনের ঘোষণা দিয়েছেন।বাংলাদেশ ছাড়া জোটের অপর পাঁচটি দেশ কানাডা, ঘানা, মেক্সিকো, সুইডেন ও যুক্তরাষ্ট্র। হিলারি ক্লিনটন জানিয়েছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ন্ত্রণ এবং এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে এ জোট।বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের এক-তৃতীয়াংশ আসে ব্ল্যাক কার্বন, মিথেন ও হাইড্রোফ্লুরোকার্বন থেকে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর, ফোম বা অ্যারোসলসহ বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোফ্লুরোকার্বন ব্যবহূত হয়। ওপরের তিনটি গ্যাস নির্গমনের পর কয়েক দিন থেকে কয়েক বছর বায়ুমণ্ডলে থেকে যায়। সেই তুলনায় গ্রিনহাউসের জন্য দায়ী প্রধান গ্যাস কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে থেকে যায় প্রায় ১০০ বছর।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মিলনায়তনে এক আন্তর্জাতিক সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, ‘বায়ুমণ্ডলে তুলনামূলকভাবে কম সময় অবস্থান করে এমন গ্যাস বা অন্যান্য পদার্থ যেমন ব্ল্যাক কার্বন, মিথেন ও হাইড্রোফ্লুরোকার্বন কমানোর বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে কাজ করবে নতুন এই জোট। কয়েক বছর ধরে আমরা জানতাম এই গ্যাস বা পদার্থগুলো জলবায়ু পরিবর্তনে কম ভূমিকা রাখে। কিন্তু এখন আমরা জানতে পারছি তাদের ভূমিকার আরও অনেক বেশি।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নিজেদের ঘরের রান্নার চুলা, রাস্তায় ডিজেলচালিত বাস বা ট্রাকের ধোঁয়া এবং কৃষি আবর্জনা প্রকাশ্য স্থানে পোড়ানোর ফলে বাতাসে যে ব্ল্যাক কার্বন যুক্ত হচ্ছে তার ফলে প্রতিবছর মারা যাচ্ছে লাখ লাখ মানুষ।’এসব বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ, রাজনৈতিক সমর্থন আদায়, জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট দেশ, কোম্পানি, বেসরকারি সংস্থা ও ফাউন্ডেশনের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় নতুন জোট কাজ করবে বলে জানান হিলারি ক্লিনটন। জোটের কার্যক্রম পরিচালনায় মার্কিন সরকার প্রাথমিকভাবে এক কোটি ২০ লাখ ডলার দেবে বলে তিনি জানান।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশমন্ত্রী হাছান মাহমুদসহ জোটের সদস্য ছয়টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এনভায়রনমেন্ট নিউজ সার্ভিস।