রাজধানীর তেজগাঁওসহ বিভিন্ন স্থানে ৩০ জুলাই তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় ছয় নারীশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।এদিকে পোশাকশ্রমিকদের আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে গতকাল ভোরে গাজীপুরের টঙ্গী থেকে বিএনপি-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি হাজি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সাভারের আশুলিয়ায় ভাঙচুরের ঘটনায় ২০ শ্রমিককে আটক করা হয়।তেজগাঁও শিল্পাঞ্চল থেকে গ্রেপ্তার করা ছয় নারীশ্রমিককে গতকাল দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ছয় নারীশ্রমিক হলেন শাহনাজ বেগম শানু, আসমা বেগম, পারুল আক্তার, শাহনাজ বেগম, রূপা ও পারভীন। তাঁরা তেজগাঁওয়ের ফ্লোরেইট ফ্যাশন নামের পোশাক কারখানার কর্মী। ভিডিওচিত্র দেখে পুলিশ নিশ্চিত হয়েছে, শানু, আসমা ও পারুল ৩০ জুলাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ছয়জন সিপিবি-সমর্থিত গার্মেন্টস ট্রেড ইউনিয়নকেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি গ্রেপ্তার হওয়া মন্টু ঘোষের স্থানীয় প্রতিনিধি।সংবাদ সম্মেলনে শানু, আসমা ও পারুল জানান, তাঁরা ওই দিনের ঘটনায় জড়িত ছিলেন না। তবে পারুল পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপের কথা জানান।পুলিশ জানায়, ৩০ জুলাইয়ের ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত আলোকচিত্র ও টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।উপকমিশনার মাহাবুব জানান, তদন্তে জানা গেছে, একটি মহল সুপরিকল্পিতভাবে পোশাকশিল্প ধ্বংসে তৎপর রয়েছে।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মিশুক চাকমা জানান, ৩০ জুলাইয়ের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শ্রমিক নেতা শহীদুলকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে ৩০ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল থেকে বনানীর চেয়ারম্যান বাড়ি পর্যন্ত এলাকার কয়েক শ পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। সকাল সাড়ে আটটা থেকে তিন ঘণ্টা ধরে তাঁরা তেজগাঁও, মহাখালী, গুলশানের বিপণিবিতান, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ২০০ স্থাপনা ও যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। এসব ঘটনায় দুই থানায় চারটি মামলা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করে। এসব মামলায় শহীদুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সাভারে ২০ জন আটক: মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাভারের আশুলিয়ায় ৩১ জুলাই শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলাকালে পুলিশের অস্ত্র, গুলি, ওয়্যারলেস সেট লুট ও ভাঙচুরের ঘটনায় অন্তত ২০ শ্রমিককে আটক করা হয়। তাঁদের মধ্যে ১০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. মোস্তফা কামাল বলেন, ভিডিও ফুটেজ দেখে ও ব্যাপক তদন্তের ভিত্তিতে শুক্র, শনি ও রোববার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহারের দেহরক্ষী মো. রুহুল আমিনের কাছ থেকে ১৬টি গুলিভর্তি দুটি ম্যাগাজিন ও রিভলবার লুট করেন। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জয়নগর গ্রামে। আনোয়ারসহ ১০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আনোয়ার এসব লুটের কথা অস্বীকার করেছেন।সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন বলেন, আনোয়ার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলদিহাটা ফাজিল স্নাতক মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। মাসখানেক আগে তিনি নাম গোপন করে কামরুল ছদ্মনামে আশুলিয়ায় এনভয় গ্রুপের একটি পোশাক কারখানায় কাটিং হেলপারের চাকরি নেন। তাঁর সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় শ্রমিক নন এমন অনেকে শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে ভাঙচুর ও লুটপাটে অংশ নিয়েছেন। অনেক শ্রমিক ছদ্মনামেও বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত আছেন। তাঁদের সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের যোগাযোগ থাকতে পারে। যাঁরা শ্রমিকদের উসকানি দিচ্ছেন।