ছয় পৌরসভার নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার চারটি, শরীয়তপুরের জাজিরা ও নেত্রকোনার মদনসহ ছয়টি পৌরসভায় নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তিনটি বেঞ্চ এ আদেশ দেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ চার পৌরসভার নির্বাচনের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন। এগুলো হলো—কক্সবাজার সদর, টেকনাফ, চকোরিয়া ও মহেশখালী। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি এ চার পৌরসভায় ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।কক্সবাজার সদরের ভোটার কার্তিক চন্দ্র দাসের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও জাহাঙ্গীর কবির মামলা পরিচালনা করেন।একই আদালত শরীয়তপুরের জাজিরা পৌরসভা নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন। ভোটার তালিকা নিয়ে সেখানকার ভোটার আবদুল বারেক মিয়ার একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এ দিকে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নেত্রকোনা এলাকার মদন পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বর্তমান পৌরসভার চেয়ারম্যান শফিকুল আলমের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম পিপুল। আগামী ১৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। সাত পৌরসভার নির্বাচন স্থগিত: নির্বাচন কমিশন আদালতের নির্দেশে সাতটি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে। আজ কমিশন থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে। স্থগিত করা এসব পৌরসভা হলো—দিনাজপুরের পার্বতীপুর, চাঁদপুর সদর, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইলের লোহাগড়া, কুষ্টিয়া সদর ও মাগুড়া সদর। সীমানাসংক্রান্ত জটিলতার কারণে আদালত এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে স্থগিতাদেশ দেন। সূত্র আরও জানিয়েছে, ভোটার তালিকা জটিলতার কারণে কমিশন ভোলার চরফ্যাশন উপজেলার নির্বাচনী তফসিলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। কাল পুনর্নির্ধারিত তফসিল ঘোষণা করা হতে পারে।