ছয় পৌরসভায় নতুন তফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের স্থগিতাদেশের ওপর আপিল বিভাগ স্থগিতাদেশ দেওয়ায় নির্বাচন কমিশন নতুন করে ছয়টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ছয়টি পৌরসভা হলো: মাগুরা সদর, ঝালকাঠি সদর, কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফ ও চকোরিয়া। আগামী ২৭ জানুয়ারি এই ছয়টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২ ডিসেম্বর কমিশনের ঘোষিত তফসিলে ২৬৯টি পৌরসভার মধ্যে এই ছয়টিও ছিল। গত সপ্তাহে উচ্চ আদালতের এক আদেশে এই ছয়টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। সরকারের পক্ষ থেকে এই আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আপিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন আজ সোমবার সাংবাদিকদের বলেন, আদালত স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় আপাতত নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। তাই কমিশন এসব পৌরসভার জন্য নতুন করে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়। নতুন তফসিল অনুযায়ী উল্লিখিত ছয় পৌরসভায় ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ১১ জানুয়ারি।