চট্টগ্রাম বন্দর কনটেইনার ওঠানো-নামানোর কাজের দরপত্র
ছয় প্রতিষ্ঠানের স্বার্থে বারবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বদল!
চট্টগ্রাম বন্দরের ছয়টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজের দরপত্রে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মবহির্ভূতভাবে হস্তক্ষেপ করেছে। দরপত্রের শর্ত সংশোধনের জন্য গত পাঁচ মাসে মন্ত্রণালয় থেকে তিন দফায় অন্তত ১১ বার বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। ছয়টি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, বন্দরের তৃতীয় দফা দরপত্রে নানা শর্তের বেড়াজালে পড়ে অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দর প্রস্তাব করলেও মূল্যায়ন কমিটি তাদের কাগজপত্রে অসংগতি আছে উল্লেখ করে তাদের প্রস্তাব বাতিল করে। ওই কমিটি দাম বেশি দেওয়া ছয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব করে। তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত রোববার ক্রয়সংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটি ওই ছয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এই ছয় প্রতিষ্ঠান হচ্ছে এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স, মেসার্স ফজলে অ্যান্ড সন্স, মেসার্স বশির আহম্মদ, এ অ্যান্ড জে ট্রেডার্স, এভারেস্ট এন্টারপ্রাইজ এবং এমএইচ চৌধুরী লিমিটেড।গত শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সামনে বন্দরের কাজে মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটির অযাচিত হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরেন। তাঁরা মন্ত্রীর পদত্যাগও দাবি করেন।বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, দরপত্রে সর্বনিম্ন দরদাতা হলেই কাজ দিতে হবে, এমন কোনো কথা নেই। বরং যারা সব শর্ত পূরণ করে দর দেবে, তাদের কাজ দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে নানা নির্দেশনা দিয়ে দরপত্রের শর্ত পরিবর্তনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পুরো বিষয়কে জটিল করে দিয়েছে।বন্দর সূত্র জানায়, বিধি অনুযায়ী এ ধরনের দরপত্রের শর্ত বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ঠিক করে। পরে বন্দরের পরিচালনা বোর্ড তা অনুমোদন দেয়। সরকারের গণ খাতে ক্রয়বিধির (পিপিআর) ৪ বিধিতেও বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে। বন্দরের প্রায় সব কাজের দরপত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়।জানা যায়, ছয়টি জেটির কাজের দরপত্রের শর্ত সংশোধনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি, বন্দর কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা চার মাসে ঢাকায় অন্তত চারটি বৈঠক করেন। এসব বৈঠকে বারবার সিদ্ধান্ত পরিবর্তিত হয়। মন্ত্রণালয়ের এ ধরনের নির্দেশনার কারণে পাঁচ মাসে একই কাজের জন্য বন্দরকে তিনবার দরপত্র আহ্বান করতে হয়। ফলে কোনোটিতে সর্বনিম্ন দরপ্রস্তাব গ্রহণ করা যায়নি।সূত্রমতে, বন্দরের ছয়টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর জন্য গত ৩১ মে, ২২ জুলাই ও ২২ সেপ্টেম্বর তিনটি দরপত্রের প্রস্তাব খোলা হয়। প্রথম দরপত্রে ২৩টি, দ্বিতীয় দরপত্রে ২৬টি, আর তৃতীয় দফা দরপত্রে মাত্র নয়টি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়। মন্ত্রণালয়ের শর্ত পরিবর্তনের কারণে তৃতীয় দফায় দরপত্রে প্রতিযোগী একরকম ছিল না বলা যায়। আবার এ হক চৌধুরী অ্যান্ড সন্স এবং বর্ণালী করপোরেশন লিমিটেড দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দর দিলেও তাদের প্রস্তাব বাতিল করা হয়। এ দুই প্রতিষ্ঠান প্রায় ছয় কোটি টাকা দরপ্রস্তাব দিলেও কাজ পেয়েছে প্রায় ১২ কোটি টাকার প্রস্তাব দেওয়া প্রতিষ্ঠান।জানা গেছে, প্রথম দরপত্রে সর্বনিম্ন দরদাতা ছিল কিউসি শিপিং লাইনস। প্রতিষ্ঠানটি প্রতি কনটেইনার ওঠানো-নামানোর দর দিয়েছিল ৭৫ টাকা। এ সময় একই কাজের জন্য ওই ছয় প্রতিষ্ঠানের দর ছিল প্রায় এক হাজার ৮০০ টাকা। মন্ত্রণালয়ের পরামর্শে এ দরপত্রের প্রস্তাব বাতিল করা হয়। কিউসির মতো প্রতিষ্ঠান যাতে আর দরপত্রে প্রতিযোগিতা করতে না পারে, সে জন্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরের দরপত্রে দুটি শর্ত পরিবর্তন করা হয়। এতে অন্যতম শর্ত ছিল, শুধু বন্দরের কাজে অভিজ্ঞতা আছে, এমন প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে পারবে। দ্বিতীয় দফা দরপত্রে খুলনার প্রতিষ্ঠান খুলনা ট্রেডার্স সর্বনিম্ন ১৪৪ টাকা দর দেয়। অর্থাৎ তিন বছরে দুই লাখ ৭৩ হাজার কনটেইনার ওঠানো-নামানোর জন্য এদের দরপ্রস্তাব ছিল চার কোটি টাকা। আর ওই ছয়টি প্রতিষ্ঠান নিজেদের মধ্যে সমঝোতা করে দর দেয় ১৫ কোটি ১৬ লাখ টাকা। এবারও মন্ত্রণালয়ের পরামর্শে বিভিন্ন অজুহাতে দরপত্র বাতিল করা হয়। একপর্যায়ে নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠক করে বিনা দরপত্রে ওই ছয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একটি প্রতিষ্ঠান ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করে।পরে মন্ত্রণালয় থেকে দরপত্রের শর্ত পরিবর্তনের আরও তিনটি নির্দেশনা দেওয়া হয়। এগুলো হলো: দরপত্রে প্রতিযোগিতা করতে হলে গত সাত বছরের মধ্যে যেকোনো দুই বছর ২৫ হাজার ইউনিট কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা থাকতে হবে, এই অভিজ্ঞতা হতে হবে চট্টগ্রাম বন্দরে এবং একটি প্রতিষ্ঠান একাধিক জেটিতে কাজের প্রস্তাব দিতে পারবে না। যে ছয়টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য এসব শর্ত দেওয়া হয়, সেগুলো ২০০৭ সালের ১৬ মে থেকে বার্থ অপারেটর হিসেবে বিনা দরপত্রে বন্দরের কনটেইনার নামানোর কাজ করছে। প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর জন্য তারা বন্দর থেকে ৭৩০ টাকা করে নিচ্ছিল।