ছয় বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের সোলেমানপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা খাতুন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ছয় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১৩০। গত বছর ছিল ১২৫ জন। শিক্ষক রয়েছেন চারজন। সহকারী শিক্ষক সালেহা খাতুন ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ওই শিক্ষক অনুপস্থিত থাকার ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে একাধিকবার জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অভিভাবকেরা জানান, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক চামরদানী ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খসরুজ্জামান বাবলুর স্ত্রী হওয়ায় তিনি অধিকাংশ সময়ই পার্শ্ববর্তী নেত্রকোনার জেলা সদরে বসবাস করেছেন। কালেভদ্রে বিদ্যালয়ে এলেও তিনি ইতিপূর্বে নিয়মিত বেতন-ভাতাদি উত্তোলন করেছেন। ছয় বছর ধরে তিনি আর বিদ্যালয়ে আসছেন না। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল ওয়াহেদ তালুকদার জানান, সহকারী শিক্ষক সালেহা খাতুন দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ওই শিক্ষককে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অনুরোধ জানালেও এতে তিনি কর্ণপাত করেননি। অবিলম্বে পদটি শূন্য ঘোষণা করে নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৮ জুন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিতভাবে আবেদন জানিয়েছি। প্রধান শিক্ষক আবদুুল সাত্তার বলেন, সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা খাতুনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে তাঁর স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান খসরুজ্জামান বাবলু বলেন, কোনো ক্ষমতার প্রভাব দেখানো হয়নি। দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি সত্য নয়। তিনি আরও জানান, আমার স্ত্রী কর্তৃপক্ষের অনুমতিক্রমে বর্তমানে নেত্রকোনায় পিটিআই প্রশিক্ষণে রয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘ওই শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাঁর বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। ওই শিক্ষকের পদটি শূন্য করে নতুন শিক্ষক নিয়োগের জন্য একটি আবেদন পেয়েছি। আগামী উপজেলা শিক্ষা কমিটির মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তা ছাড়া নেত্রকোনা পিটিআই প্রশিক্ষণকেন্দ্রে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায়, সেখানে তাঁর ভর্তি বাতিল করা হয়েছে।’