ছয় বছর ধরে হোস্টেলটির নির্মাণ কাজ বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কমপ্লেক্সে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষকদের হোস্টেল নির্মাণের কাজ ছয় বছর ধরে বন্ধ রয়েছে। ফলে অর্ধনির্মিত ভবনগুলো শ্যাওলা ধরে নষ্ট হয়ে যাচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, বিগত ছয় বছর ধরে ভবনটি অধনির্মিত অবস্থায় পড়ে আছে। ভবনটির নির্মাণ শেষ হলে মহিলা শিক্ষকদের আবাসন সমস্যা অনেকটা কমবে বলেও অনেকে মন্তব্য করেন।মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল হক মির্জা বলেন, সরকারের এতগুলো টাকা ব্যয় করে ভবনটি অর্ধনির্মিত অবস্থায় ফেলে রাখা দুঃখজনক। ভবনটির কাজ জরুরি শেষ করা উচিত। তিনি আরও বলেন, ২০০৩ সাল থেকে দেখছি এটি এভাবে পড়ে আছে। কেউ এদিকে নজর দেয়নি। উপজেলা প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, বিল্ডিংটি শুধু পড়ে থাকতেই দেখছি। শুনেছি এখানে নাকি মহিলা হোস্টেল হওয়ার কথা। এর বেশি কিছু জানি না। বিষয়টি ইউএনও ভালো বলতে পারবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকার বলেন, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভালো বলতে পারবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষকদের আবাসন সমস্যা সমাধান করতে শিক্ষা মন্ত্রণালয় ইউরোপীয় কমিশনের ২৮ লাখ টাকা অনুদানে ‘প্রমোড’ প্রকল্পের আওতায় ২০০৩ সালে এর কাজ শুরু করে। কিছু দিন পর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় এর কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু কোন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়েছিল তা এখন বলেতে পারছি না।এ ব্যাপারে গ্রামীণ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষক উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ ও নিয়োগ কার্যক্রমের (প্রমোড) প্রোগ্রাম লিয়াজোঁ কর্মকর্তা আইরীন পারভীনের সঙ্গে বারবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।