ছয় বছর পর বগুড়ার এক লাখ গুলি আটক, মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় চাঞ্চল্যকর এক লাখ গুলি ও বিস্ফোরকদ্রব্য আটক মামলার বিচার আবার শুরু হচ্ছে। আগামী ১৩ জুলাই বগুড়ার বিচারিক আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।আতিকুর রহমান নামের এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ১৪ মার্চ এ-সংক্রান্ত চারটি মামলার কার্যক্রম স্থগিত করেন।বগুড়ার ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান প্রথম আলোকে বলেন, এই গুলি ও বিস্ফোরক উদ্ধার ঘটনার চারটি মামলার গত বৃহস্পতিবার পর্যন্ত তিনটির স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। বগুড়ার জেলা ও দায়রা জজ আদালত-৩ এ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। ২০০৩ সালের ২৭ জুন বগুড়ার কাহালু উপজেলার জোগারপাড়ায় ইটভাটার পাশে একটি ট্রাক থেকে রাইফেলের প্রায় এক লাখ গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরকদ্রব্য এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করে। এ ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় চারটি মামলা হয়। তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা জোনের তৎকালীন সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর আদালতে চারটি মামলার অভিযোগপত্র দেন। চারটি মামলায় ছয়জনকে আসামি করা হয়। তাঁরা হলেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের তৎকালীন কৃষক লীগের আহ্বায়ক আফলাতুর রহমান ওরফে পিন্টু, তাঁর স্ত্রী আনোয়ারা খাতুন, বগুড়া জেলা যুবলীগের নেতা আতিকুর রহমান ওরফে দুলু, ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি ফরেস্ট বস্তির আশীষ দেব বর্মা, ট্রাকচালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলতু মিয়া, বগুড়া শহরের মালতীনগরের হারুন উর রশীদ জালাল। আসামিদের মধ্যে শুধু ট্রাকচালক আলতু মিয়া কারাগারে আছেন। আফলাকুর রহমান ও আশীষ দেব বর্মা পলাতক। বাকি তিনজন আসামি জামিনে মুক্ত। মামলার অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা যায়, তদন্তে এই বিপুল গুলি ও বিস্ফোরকের উৎস ও গন্তব্য উদ্ঘাটন করা হয়নি। এমনকি এত বড় অস্ত্র চালানের মূল হোতাদেরও শনাক্ত না করে ট্রাকচালক, মালামাল ওঠানো-নামানোর সঙ্গে যুক্ত স্থানীয় কিছু ব্যক্তি এবং এক গৃহবধূকে আসামি করে দায়সারা গোছের অভিযোগপত্র দেওয়া হয়।