র্যাব প্রতিষ্ঠার পর গত ছয় বছরে ৬২২ জন ‘ক্রসফায়ারে’ মারা গেছে। এর মধ্যে চলতি বছরের প্রথম দুই মাসে মারা গেছে ১৪ জন। তবে প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনানুগ তদন্ত হয়েছে। কোনোটাই আইনবহির্ভূত হয়নি, সবকিছু আইনের কাঠামোতে হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ছয় বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার এ তথ্য দেন। দুপুরে উত্তরায় র্যাবের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছাড়াও সব ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব প্রতিষ্ঠিত হয়।হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘র্যাব-বিধি’ ভঙ্গের জন্য ৮৫০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ জনকে কারাদণ্ড, চাকরিচ্যুতসহ বিভিন্ন গুরুদণ্ড দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, জঙ্গিবাদ ও মাদক ব্যবসাসহ সব অপরাধ র্যাবের নিয়ন্ত্রণে আছে।র্যাবের মহাপরিচালক বলেন, গত বছরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে র্যাব ১৭ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় এক হাজার ৫১১টি বিভিন্ন ধরনের অস্ত্র, ছয় হাজার গুলি, ৩১৫ বোমা, ২৭ গ্রেনেড ও ২৯৯টি ককটেল উদ্ধার করেছে। এক বছরের ১৭টি গ্রেনেডসহ ৭৮ জনকে জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।মহাপরিচালক বলেন, মাদক মামলায় এক বছরে ছয় হাজার ১৫৮ জন, জাল নোট তৈরির ঘটনায় ২১৩, চাঁদাবাজ ৩০২, অশ্লীল চলচ্চিত্র কেনাবেচার অভিযোগে ১৮২, পুরাকীর্তি পাচারের ঘটনায় ৮২ ও ভিওআইপি ব্যবহারের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চার লাখ ৫৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। গত এক বছরে র্যাবের ব্যর্থতা কী—জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘শতভাগ সফল হয়েছি সেটাও বলব না, আবার ব্যর্থ হয়েছি সেটাও বলছি না।’ তিনি বলেন, ‘মানুষ বেঁচে থাকে তার স্বপ্নের মাধ্যমে। আমরা ভালো কিছু করার স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনের। আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, সে প্রত্যাশা পূরণ করতে পারলেই র্যাব সফল হবে।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, দেশে সব ধরনের অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিয়ন্ত্রণে আছে। পৃথক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধীরা র্যাবের নজরদারির বাইরে নেই। পুলিশ সদর দপ্তরের সঙ্গে র্যাবের বিরোধ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, র্যাব পুলিশের অন্য সব শাখার মতো একটি শাখা। এটা মহাপরিদর্শকের নিয়ন্ত্রণে। এ নিয়ে কোনো বিরোধ-বিতর্ক থাকার অবকাশ নেই।