ছয় বছরেও কাজ শেষ হয়নি
একই রাস্তায় দুই দফায় কাজ শেষ না হতেই তৃতীয় দফায় কাজ শুরু করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগ। ঠিক সময়ে কাজ শেষ না হওয়া ও কাজের মান নিয়েও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এলজিইডি কার্যালয় সূত্র জানায়, বালারহাট জেসি (বালারহাট বাজার) গোড়ক মণ্ডপ বিওপি ক্যাম্প ভায়া গোড়ক মণ্ডপ বাজার পর্যন্ত তিনটি অংশে তিন হাজার ৩৪২ মিটার রাস্তা পাকাকরণের কাজ পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে বালারহাট বাজার থেকে ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক হাজার ৩৬২ মিটার পাকাকরণের কাজ শুরু করে মেসার্স আজিজার রহমান ট্রেডার্স ও কাইফ ট্রেডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানেরই চুক্তিতে দরপত্রের শর্ত অনুযায়ী কাজ শুরুর ৮০ দিনের মধ্যে রাস্তাটির কাজ শেষ হওয়ার কথা ছিল। নতুন করে তৃতীয় অংশের এক হাজার ৯৮০ মিটার কাজ পায় মেসার্স ফাহিম ট্রেডার্স।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরে বালারহাট বাজার থেকে ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার শুরু দিকে ৮৭০ মিটার পাকা করার কাজ পায় মেসার্স আজিজার রহমান ট্রেডার্স। ১৯ লাখ ৯৯ হাজার টাকার চুক্তিতে কাজ শুরুর পর খোয়া বিছানো পর্যন্ত কাজ করে ১০ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করে আর কাজ করেনি ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরে প্রতিষ্ঠানটির ঠিকাদারি বাতিল হয় ১৪ আগস্ট ২০০৮ সালে। সেই থেকে ওই অংশের জন্য আর কোনো দরপত্রও আহ্বান করা হয়নি।পরের অর্থবছরে (২০০৫-০৬) ১৫ লাখ টাকা ব্যয়ে বালারহাট বাজার থেকে ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার ৪৯২ মিটার পাকা করার কাজ পায় কাইফ ট্রেডার্স। কাজ শুরু করে খোয়া বিছিয়ে আর কাজ করছে না টাকার অভাবে। ৮০ দিনে এ কাজটি শেষ করার কথা থাকলেও প্রতি তিন মাস পরপর মেয়াদ বর্ধিত করে চার বছরেও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এ বছরের সেপ্টেম্বর মাসে আবার নতুন করে কাজ করা শুরু করে কাইফ ট্রেডার্স।এ বছরের ১১ ফেব্রুয়ারি কার্যাদেশ পেয়ে ১৮ মার্চ এক হাজার ৯৮০ মিটার রাস্তা পাকা করার কাজ শুরু করে মেসার্স ফাহিম ট্রেডার্স। ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার শেষ প্রান্ত থেকে এক হাজার ২৫০ মিটার পর্যন্ত (গোড়ক মণ্ডপ সেতুর পূর্ব ভাগ) অংশে খোয়া বিছিয়ে রেখেছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরের ৭৩০ মিটার রাস্তা খনন করে কাজ বন্ধ রাখা হয়েছে। মোট এক হাজার ৯৮০ মিটার রাস্তা পাকা করার কাজটি ৮১ লাখ ৫৮ হাজার ৬৪০ টাকায় পায় এই ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী কাজটি এ বছরের ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা।১২ অক্টোবর এলাকায় গিয়ে দেখা যায়, মেসার্স আজিজার রহমান ট্রেডার্সের বাতিল হওয়া অংশে খোয়া বিছানো অবস্থায় পড়ে আছে। দ্বিতীয় অংশ, কাইফ ট্রেডার্স অংশের এক-তৃতীয়াংশে পিচ ঢালা হয়েছে। কাইফ ট্রেডার্সের কাজ দেখেন গোলাম মোস্তফা। ৪ অক্টোরব তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ হবে। ভয়ের কিছু নেই। তার পরও ১২ অক্টোবর পর্যন্ত কাজটি শেষ হয়নি বলে দেখা গেছে।মেসার্স ফাহিম ট্রেডার্সের কাজ তদারককারী মো.জিল্লুর রহমান ১২ অক্টোবর মুঠোফোনে বলেন, ‘কাজে কোনো অনিয়ম করা হয়নি। গোড়ক মণ্ডপ সেতু ডেবে যাওয়ায় এর ওপর দিয়ে রোলার মেশিন নিতে না পারায় কাজ করা যাচ্ছে না। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে।’স্থানীয় বয়েজউদ্দিন (৪৫), কানু (৩৫), নারায়ণ (২০), আজিজ (৪৫), গৌরাঙ্গ (৪৬), মমিনুল (৩২), শফিকুল (৩২) বলেন, ‘যকন আস্তাত বালা ফেইলায় তকন মেল্যা কইচি মাটি দেন না। হামাকগুলাক দাবরায় ঐইজন্যে আর কিচু কই নাই। ইটের পাটকা গুল্যাও তিন-চার ইঞ্চি দিয়া বালা ফেলাইচে। একান আস্তা ৬ বচরেও ঠিক করবার পাইল না। ফির একান নয়া করি ধরচে। এমার গুলা যে কি ব্যবসা ওমরায় জানে।’নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী বলেন, ‘রাস্তার কাজ খারাপ হচ্ছে কিন্তু এ কথা বললে আমরাই নাকি চাঁদাবাজি করি। সে কারণে বাধা দেই না, যা হচ্ছে হোক।’যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু জাফর মো. সালেহ ৪ অক্টোবর বলেন, ‘কাইফ ট্রেডার্সের কাজ দুদিনে শেষ হবে। সেতু ডেবে যাওয়ায় ফাহিম ট্রেডার্সের কাজটা নির্ধারিত সময়ে হবে কি না সন্দেহ। তবে কাজটির শতকরা ৩০ ভাগ সম্পন্ন হয়েছে। কাজে এখন পর্যন্ত অনিয়ম পাওয়া যায়নি।’