দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক স্বপ্নভুক। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করছেন তানজিকা। কথা হলো তাঁর সঙ্গে।‘স্বপ্নভুক’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে আমরা ছয় বন্ধু। ছয় বন্ধুর গল্প নিয়েই নাটকটি। সবার মধ্যে আমিই শুধু মেয়ে। আমাকে নিয়ে সবার একটু অন্য রকম ভাবনা। হইহুল্লোড় করে বেড়াই। মজার ব্যাপার হলো, শহীদুজ্জামান সেলিমের সঙ্গে এর আগেও আমি অভিনয় করেছি। তবে এবার আমি তাঁর বন্ধু।এখন আপনার অভিনীত কতটি ধারাবাহিক দেখানো হচ্ছে?সব কটি চ্যানেলে ১১টি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এর মধ্যে আছে ইকারুসের ডানা, সম্পর্ক, ধূপছায়া, পথ জানা নেই, উড়ালপঙ্খী মন, চন্দ্রবিন্দু। এ ছাড়া শিগগিরই প্রচারিত হবে এয়ারকম, ঢাকা টু লন্ডন। তবে মজার ব্যাপার হলো, সব কটির চরিত্রই আলাদা। একটির সঙ্গে অন্যটির কোনোই মিল নেই।ঈদের নাটকের কী খবর?ধারাবাহিকের ব্যস্ততার কারণে ঈদে খুব বেশি কাজ করা হয় না। তবে এরই মধ্যে কয়েকটির কাজ করেছি। এগুলো অবশ্য একটু আলাদা। নির্মাতাদের মধ্যে আছেন ফেরদৌস হাসান, এজাজ মুন্না, হূদি হক।ইদানীং তো উপস্থাপনাও করছেন।হ্যাঁ, বাংলাভিশনে সৌন্দর্যবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। উপস্থাপনার কাজ করতে এসে অনেক কিছু শিখতে পারছি। অনেকের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাচ্ছি। অনুষ্ঠানটি শুরু হওয়ার পর আরও কয়েকটিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। তবে অন্যগুলো নিয়ে এখনো কিছু ভাবিনি।একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর চলচ্চিত্রে নিয়মিত হলেন না কেন?আমি ‘লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’য় অংশ নেওয়ার পর একটি চলচ্চিত্রে অভিনয় করেছি। নাম বকুল ফুলের মালা। এই ছবিতে আমার সহশিল্পী ছিলেন রিয়াজ। সেটি ২০০৫ সালের ঘটনা। এরপর আরও কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু নানা কারণে করা হয়নি। তবে ভবিষ্যতে চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে। বিনোদন প্রতিবেদক