ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি থেকে ধরে নিয়ে যাওয়া সাত বাংলাদেশি শ্রমিকের ছয়জনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার দুপুরের পর তাঁদের তামাবিল চেকপোস্ট দিয়ে ফেরত দেওয়া হয়। বিএসএফ আরও জানায়, সেলিম আহমদ নামের বাকি একজনকে ভারতের ডাউকি থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম জানান, ছয়জনকে পরিবারের জিম্মায় দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, ভারতীয় পুলিশের হেফাজতে থাকা সপ্তম ব্যক্তিকে হস্তান্তরের বিষয়টি ১৪ ফেব্রুয়ারি জানানো হবে। ওইদিন ভারতীয় আদালতে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত হবে। বিএসএফ জানায়, বয়স কম হওয়ায় তারা ছয়জনকে ছেড়ে দিচ্ছে এবং একজনকে অনুপ্রবেশের জন্য ডাউকি পুলিশে সোপর্দ করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে পাথর কোয়ারির বাংলাদেশ অংশে ব্যক্তি মালিকানাধীন একটি গর্তের আশপাশ ঘেরাও করে বিএসএফ ওই শ্রমিকদের নিয়ে যায়। বিজিবির শ্রীপুর ক্যাম্পের সদস্যরা এগিয়ে গেলে বিএসএফ বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রমিকদের ধরে নিয়ে যায়। তবে আজ সকাল পর্যন্ত ওই শ্রমিকদের ফেরত দেয়নি বিএসএফ।