ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকার ৫১ জন যাত্রীকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা এসব যাত্রীর মধ্যে অন্তত ছয়জন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ অন্যদের উদ্ধারের জন্য তত্পরতা চালাচ্ছে ইতালি সরকার।ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তো মারিনোকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমগুলো বলেছে, উদ্ধার করা যাত্রীরা জানিয়েছে ওই নৌকায় আরও অন্তত ১৫০ যাত্রী ছিল। দুটি জাহাজের মাধ্যমে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তত্পরতা চলছে।জানা যায়, গত বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে লামপেডুসার প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে সাগরে ওই নৌকাডুবি হয়। এ ঘটনায় বাংলাদেশিসহ ২৫০ যাত্রী নিখোঁজ হয়। তারা লিবিয়া থেকে পালিয়ে নৌকাযোগে ইতালি যাচ্ছিল। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাটি ডুবে যায়।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইতালি সরকার বলেছে, নৌকাটিতে বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া, আইভরি কোস্ট, শাদ ও সুদানের নাগরিক ছিল। আইওএম বলেছে, নৌকায় অন্তত ৩০০ যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, তাদের বেশির ভাগ মারা গেছে।যোগাযোগ করা হলে আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর আজ রাতে প্রথম আলোকে বলেন, নৌকাটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল। তাদের কাছে খবর আছে, নৌকার যাত্রীদের মধ্যে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু ওই নৌকায় কতজন বাংলাদেশি ছিল, তাদের কতজন বেঁচে আছে, সে ব্যাপারে এখনো তারা কোনো তথ্য পায়নি। তারা উদ্ধারকারী কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছে।চলতি বছরের শুরু থেকে উত্তর আফ্রিকা থেকে কয়েক হাজার অবৈধ অভিবাসী ইতালি গেছে। তাদের অধিকাংশই তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরের লামপেডুসা দ্বীপে যান।