ছয় বাংলাদেশিসহ ৫১ জন উদ্ধার, অন্যদের উদ্ধারে তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকার ৫১ জন যাত্রীকে গতকাল শুক্রবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা এসব যাত্রীর মধ্যে অন্তত ছয়জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ অন্যদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে ইতালি সরকার।ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তো মারিনোকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমগুলো বলেছে, উদ্ধার করা যাত্রীরা জানিয়েছেন ওই নৌকায় আরও অন্তত দেড় শ যাত্রী ছিলেন। দুটি জাহাজের মাধ্যমে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তৎপরতা চলছে।জানা যায়, গত বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে লামপেডুসার প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে সাগরে ওই নৌকাডুবি হয়। এ ঘটনায় বাংলাদেশিসহ আড়াই শ লোক নিখোঁজ হন। তাঁরা লিবিয়া থেকে পালিয়ে নৌকাযোগে ইতালি যাচ্ছিলেন। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাটি ডুবে যায়।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইতালি সরকার বলেছে, নৌকাটিতে বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া, আইভরি কোস্ট, শাদ এবং সুদানের নাগরিক ছিলেন। আইওএম বলেছে, নৌকায় অন্তত ৩০০ যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁদের বেশির ভাগ মারা গেছেন।যোগাযোগ করা হলে আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নৌকাটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। তাঁদের কাছে খবর আছে, নৌকার যাত্রীদের মধ্যে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু ওই নৌকায় কতজন বাংলাদেশি ছিলেন, তাঁদের কতজন বেঁচে আছেন, সে ব্যাপারে এখনো তাঁরা কোনো তথ্য পাননি। তাঁরা উদ্ধারকারী কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছেন।চলতি বছরের শুরু থেকে উত্তর আফ্রিকা থেকে কয়েক হাজার অবৈধ অভিবাসী ইতালি গেছেন। তাঁদের অধিকাংশই তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র দেড় শ কিলোমিটার দূরের লামপেডুসা দ্বীপে যান।