ছয় বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিকেন্দ্রীকরণ হচ্ছে। আগামী মাসেই চট্টগ্রাম বাদে বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক কেন্দ্রের কাজ পুরোদমে শুরু হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় থেকে কিছু জনবল পদায়ন করা হবে ওই সব কেন্দ্রে। বিশ্ববিদ্যালয়টির বিকেন্দ্রীকরণ হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রে আগামী মাস থেকে পুরোদমে কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে এখনো বাড়ি ভাড়া পাওয়া যায়নি। বাড়ি পাওয়া গেলে জুন-জুলাই নাগাদ সেখানেও কার্যক্রম শুরু হবে।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সারা দেশের প্রায় এক হাজার ৭৫০টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম একটি ক্যাম্পাস থেকে দেখভাল করা কষ্টসাধ্য। বিকেন্দ্রীকরণ করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আসবে।তবে কর্মকর্তা ও কর্মচারীদের কয়েকজন বলছেন, আঞ্চলিক কেন্দ্রগুলো হবে ‘ডাকঘর’। এসব কেন্দ্র স্থাপনের ফলে অর্থ অপচয় ও দুর্নীতি বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।জাতীয় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, দেশের যেকোনো স্থানে আঞ্চলিক কেন্দ্র বা ক্যাম্পাস স্থাপন করা যাবে। তবে গত দেড় যুগে জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণ হয়নি। কয়েক বছর ধরে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছয় বিভাগে ছয়টি ক্যাম্পাস বা শাখা খুলে এর কাজকর্ম বিকেন্দ্রীকরণের কথা বলে আসছেন। তাঁদের যুক্তি হচ্ছে, এর ফলে মফস্বলের শিক্ষার্থীদের গাজীপুরে আসতে হবে না।২০০৯ সালে অনিয়ম, দুর্নীর্িত, সেশনজটসহ নানা সংকটে জর্জরিত জাতীয় বিশ্ববিদ্যালয়টি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় থেকে কলেজগুলো ছয়টি বিভাগীয় শহরে ছয়টি সরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের হাতে ছেড়ে দেওয়ার লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি তখন যে চারটি বিকল্পের প্রস্তাব দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয়টি বিকেন্দ্রীকরণ করা।ওই কমিটির সুপারিশ অনুসারে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়টি বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) তোফায়েল আহমদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২১ মার্চ উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী পয়লা মে থেকে বাড়ি ভাড়া করার সিদ্ধান্ত হয়েছে।সভা সূত্র জানায়, বাড়ি ভাড়া করার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় আসবাব কেনা এবং আঞ্চলিক ক্যাম্পাসের কার্যক্রম শুরুর প্রয়োজনে আপাতত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান জনবল দিয়ে ওইসব কেন্দ্রে পদায়ন কাজ শুরুর সিদ্ধান্ত হয়। পরে জনবল কাঠামো অনুযায়ী লোকবল নিয়োগ দেওয়া হবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়টি যেসব সমস্যায় পড়েছে তা থেকে মুক্ত করতে আপাতত বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। তবে বিকেন্দ্রীকরণের পর সবকিছু যেন সঠিকভাবে চলে সেদিকে নজর রাখতে হবে। অন্যথায় সুফল পাওয়া যাবে না বলে তিনি মত প্রকাশ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পাঁচটি শহরে বাড়ি ভাড়া করা হয়েছে। আগামী মাস থেকেই আঞ্চলিক কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু হবে। এর ফলে ভর্তি ও পরীক্ষাগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। বাকি সব কাজ করবে কেন্দ্রগুলো। অধ্যাপক তোফায়েল বলেন, এর ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে। তাদের গাজীপুর আসার প্রয়োজন পড়বে না। তা ছাড়া কেন্দ্রগুলো ভালোভাবে প্রতিষ্ঠিত হলে সরকার চাইলে সেগুলো সম্প্রসারিত করে আলাদা বিশ্ববিদ্যালয়ও করতে পারবে।তবে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মনে করেন, শুধু কার্যালয় চালানোর জন্য আঞ্চলিক কেন্দ্র হলে সেটি ফলপ্রসূ হবে না। তিনি বলেন, যদি কেন্দ্রগুলোর মাধ্যমে একাডেমিক মনিটরিং বাড়ানো যায় তাহলে তা কাজে দেবে।তবে এ বিকেন্দ্রীকরণের প্রয়োজন নেই বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মো. এনামুল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম এখন অনলাইনে চলে গেছে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমেছে। এটিকে আরও উন্নত করা হলে ভোগান্তি একেবারেই কমে যাবে। বিকেন্দ্রীকরণ হলে এক ধরনের দ্বৈতশাসন প্রতিষ্ঠিত হবে বলে তাঁর মত। আঞ্চলিক কেন্দ্রের কর্মপরিধি: আঞ্চলিক কেন্দ্রগুলোতে ক্ষমতা দেওয়া হচ্ছে সীমিত পর্যায়ে। ফল প্রকাশ, সনদ বা নম্বরপত্র দেওয়া, সংশোধনসহ অতি গুরুত্বপূর্ণ কাজ সরাসরি করতে পারবে না আঞ্চলিক কার্যালয়গুলো। এসব ক্ষেত্রে কেন্দ্রগুলো মূলত মাধ্যম হিসেবে কাজ করবে। যেমন কোনো শিক্ষার্থী নম্বর সংশোধন করতে চাইলে তা কেন্দ্রে জানাবে। কেন্দ্র সেটি পাঠাবে বিশ্ববিদ্যালয়ে (গাজীপুর)। বিশ্ববিদ্যালয় তা ঠিক করে আবার কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র থেকে ওই শিক্ষার্থী হাতে পাবেন।প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে একজন পরিচালক থাকবেন। তাঁর অধীন কাজ করবেন ৮৪ জন। প্রত্যেক কেন্দ্রে থাকবেন একজন করে উপ-কলেজ পরিদর্শক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-রেজিস্ট্রার (প্রশাসন ও শিক্ষা) এবং উপ-পরিচালক (অর্থ ও হিসাব)। তাঁদের অধীনে থাকবেন একজন করে সহকারী। এ ছাড়া থাকছেন শাখা কর্মকর্তাসহ প্রয়োজনীয় জনবল।ভাড়া করা হয়েছে পাঁচটি বাড়ি: রাজশাহী কেন্দ্রের জন্য মাসিক ২৫ হাজার টাকায় ভাড়া করা হচ্ছে রাজশাহী-ঢাকা সড়কের একটি দোতলা বাড়ি। রংপুর সদরের জিএল রায় সড়কে মাসে ৩৯ হাজার টাকায় একটি তিন তলা বাড়িতে হবে রংপুর আঞ্চলিক কেন্দ্র। মাসে ৬০ হাজার টাকায় খুলনা সদরের খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বরাদ্দ করা সোনাডাংগা (দ্বিতীয়) আবাসিক এলাকার একটি চারতলা ভবনে হবে খুলনা কার্যালয়।বরিশালে সিঅ্যান্ডবি সড়কের পাশে ছায়াবীথিতে তিনতলা ভবনের দুটি তলায় হবে বরিশাল কেন্দ্র। বাড়িভাড়া মাসিক ২০ হাজার টাকা। সিলেট কেন্দ্র কার্যালয়ের জন্য মাসে ২২ হাজার টাকায় ভাড়া করা হচ্ছে পাঠানটুলার একটি ভবনের দ্বিতীয় তলা।