ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১১’ পুরস্কারে সম্মানিত করল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও ডিএইচএল এক্সপ্রেস। প্রতিষ্ঠান দুটি গত ১১ বছরের ধারাবাহিকতায় এ বছরও যৌথভাবে এ সম্মাননা দেয়। এ ছাড়া ব্যবসায়ে নৈতিকতার জন্য বিজনেস ফর পিস পুরস্কার পাওয়া বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে দেশসেরা উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ বছর ছয়টি শাখায় পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়ে অনন্য নারী শাখায় পুরস্কার জিতেছেন শারমিন হোসেন। তিনি ভেজালমুক্ত নিরাপদ, সতেজ সবজি, ফলমূল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘ফসল’-এর চেয়ারম্যান। ২০১০ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন শারমিন হোসেন। দুই বছরের মাথায় ‘ব্যবসায়ে অনন্য নারী’ ক্যাটাগরিতে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পুরস্কার জিতে নেন এই নারী। ২০১১ সালের জন্য সেরা আর্থিক প্রতিষ্ঠান শাখায় পুরস্কার জিতেছে প্রাইম ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এ পুরস্কার গ্রহণ করেন। সেরা কর্মপ্রচেষ্টা শাখায় পুরস্কার জিতেছে এসিআই লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা এ পুরস্কার গ্রহণ করেন। সেরা ব্যবসায়িক ব্যক্তি শাখায় পুরস্কার জিতেছেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন। আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। এ ছাড়া এবারের আয়োজনে নতুন সংযুক্ত বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার জিতেছেন বিশিষ্ট বিমা-ব্যক্তিত্ব ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত এম এ সামাদ। তাঁর পক্ষে পুরস্কার নেন প্রয়াতের ছেলে তৌহিদ সামাদ। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনার একটি দেশ। ইতিমধ্যে আমাদের অর্জনও কম নয়। আগামী ২০ বছরের মধ্যে এ দেশ সারা বিশ্বে বড় অর্থনীতির এক দেশে পরিণত হবে।’ তিনি আরও বলেন, জনসেবার সঙ্গে যুক্ত থাকলে সব সময় সমালোচনার মুখোমুখি হতে হয়। সেটা সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।

এ ছাড়া আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম ও ডিএইচএল এক্সপ্রেসের বাংলাদেশ প্রধান (কান্ট্রি ডিরেক্টর) ডেসমন্ড কুইয়া। মাহ্ফুজ আনাম তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, মেধা, মনন, কর্মদক্ষতা ও আত্মবিশ্বাসের দিক থেকে এ দেশের ব্যবসায়ীরা শক্তিশালী। দেশের অনেক কোম্পানি তাদের উৎপাদিত মানসম্মত পণ্যের জন্য এরই মধ্যে বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে। সারা বিশ্ব এখন অমিত সম্ভাবনার বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। মাহ্ফুজ আনাম আরও বলেন, ‘নীতি সহায়তা, উন্নত অবকাঠামো ও রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ পেলে এ দেশ স্পেনের চেয়েও ভালো কিছু করবে। এখন আমরা বিশ্বের উন্নত দেশগুলোর কাছে কোনো অর্থ সহায়তা চাই না, আমরা চাই বাণিজ্যসুবিধা।’ বিশেষ সম্মাননা পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘বিজনেস ফর পিস পুরস্কারটি আমার একার কোনো অর্জন নয়, এটি সারা দেশের অর্জন।’ সেরা ব্যবসায়িক ব্যক্তির পুরস্কার বিজয়ী আনোয়ার হোসেন প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সরকারের কাছে একটা কানাকড়িও চাই না। গ্যাস, বিদ্যুৎ, উন্নত রাস্তাঘাট আর শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা—এ চারটি বিষয় নিশ্চিত করে দিন। আমরা ব্যবসায়ীরা দেশকে বদলে দেব। দেশে কোনো অভাব থাকবে না। এ দেশের কোনো লোককে আর বিদেশে গিয়ে চাকরি করতে হবে না।’এ ছাড়া অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অনেকে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। দ্য ডেইলি স্টার ও ডিএইচএল যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ এবার ১২ বছর পূর্ণ করল। অনুষ্ঠানে প্রয়াত বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীকে স্মরণ করে তাঁর জীবন নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়।