ছয় ব্যক্তির ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সন্দেহভাজন ছয় ব্যক্তির ব্যাংক হিসাবে লেনদেন সাময়িক স্থগিত বা বন্ধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে এ ব্যাপারে গতকাল রোববার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ পাঠায়।যাঁদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে তাঁরা হলেন—বিজি প্রেসের কর্মচারী এ টি এম মোস্তফা, হামিদুল হক, শহিদুল ইসলাম, খন্দকার মোহাম্মদ আলী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফ ও নীলফামারী জেলার একটি কলেজের শিক্ষক মাহফুজুর রহমান।এসব ব্যক্তির ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে এসব হিসাব থেকে কোনো অর্থ তোলা বা স্থানান্তর করা যাবে না। পাশাপাশি এসব হিসাবের লেনদেনের বিবরণী বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)গ ধারা অনুসারে ব্যাংক হিসাবগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজুর রহমান প্রথম আলোর কাছে আইনের সংশ্লিষ্ট ধারা ব্যাখ্যা করেন। তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার মাধ্যমে কোনো অর্থ বা সম্পত্তি কোনো ব্যক্তির হিসাবে জমা হয়েছে সন্দেহ করার যথেষ্ট যুক্তিসংগত কারণ থাকলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে অনধিক ৩০ দিনের জন্য হিসাবের লেনদেন স্থগিত বা বন্ধ রাখার নির্দেশ দিতে পারে বাংলাদেশ ব্যাংক। তবে ওই হিসাবের লেনদেন সম্পর্কিত সঠিক তথ্য উদ্ঘাটনের প্রয়োজন দেখা দিলে এই স্থগিতাদেশ বা বন্ধের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো যায়।