ছয় মামলায় ২২০ আসামি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২০ জনের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে। গত রোববার হরতাল চলাকালে সচিবালয়সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসব মামলা হয়েছে।পুলিশ জানায়, রোববার রাতে শাহবাগ, কোতোয়ালি, তেজগাঁও, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানার পাঁচ উপপরিদর্শক (এসআই) মামলাগুলো করেন। বিমানবন্দর থানায় গাড়ি ভাঙচুরের অভিযোগে ক্ষতিগ্রস্ত চালক একটি মামলা করেন। কয়েকজন বাদে মামলার আসামি সবাই বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়েছেন।তবে রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, গতকাল হরতালে বিভিন্ন অভিযোগে পল্টন, মিরপুর, রমনা ও সূত্রাপুর থানার পুলিশ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে। নগরজুড়ে ১৪টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে; গাড়ি পোড়ানো হয়েছে একটি।পুলিশ জানায়, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দীন চৌধুরী, আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান, মীর সরফত আলী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি (এলডিপি) কর্নেল (অব.) অলি আহমদসহ বেশ কয়েকজন নেতা শাহবাগ ও তেজগাঁও থানার মামলার আসামি। তাঁদের মধ্যে গত রাতে রিজভী গ্রেপ্তার হন।রোববার রাতে মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা কামরুজ্জামান রতনও এ দুই মামলার আসামি। শাহবাগ থানার মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই রাতে গ্রেপ্তার হওয়া রেহানা আক্তার সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলার আসামি।সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় (নম্বর-৪৪) মির্জা ফখরুলসহ ২৮ জন আসামি। এজাহারে বলা হয়, এই ২৮ জন পরস্পর যোগসাজশে এ ঘটনা ঘটিয়েছেন।৪৪ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে রোববার রাতে একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা হয়।এদিকে, জজকোর্টের ফটকে রোববার ককটেল বিস্ফোরণের ঘটনায় ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান দাবি করেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১০০ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে।সবুজবাগ থানার মুগদা এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ। যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় গাড়ি ভাঙচুরের অভিযোগে দুজনকে আসামি করে মামলা হয়। মামলার দুই আসামিই গ্রেপ্তার হন। বিমানবন্দর গোলচত্বর এলাকায় গাড়ি ভাঙচুরের অভিযোগে চালক তিনজনকে আসামি করে মামলা করেন। তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার সঙ্গে মিল নেই মামলার: তেজগাঁও থানায় হওয়া মামলায় ৩৬ জনকে সরাসরি ঘটনার সঙ্গে জড়িত হিসেবে এবং মির্জা ফখরুলসহ আটজনকে ঘটনার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে আসামি করা হয়। মামলার এজাহারে বাদী এসআই ইসমাইল উল্লেখ করেন, রোববার রাত নয়টা পাঁচ মিনিটে উল্লিখিত ৩৬ জন আসামি ছয়-সাতটি মাইক্রোবাসে এসে বাসটির গতিরোধ করেন। আসামিরা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় তিনি (এসআই) ভাঙচুরকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। ভাঙচুরের ভয়ে যাত্রীরা বাস থেকে নেমে গেলে একজন আসামি বাসে অগ্নিসংযোগ করেন। তখন তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন বাসের কন্ডাক্টর সোহেল মিয়া, হেলপার মো. জসিম ও জনৈক মানিক রতন।তবে ঘটনার পরপর রোববার রাতে বাসটির চালক আবু বকর প্রথম আলোকে বলেন, উত্তরা থেকে আসার পথে ওই জায়গায় এসে বাসটির চাকা ফেটে যায়। সহকারীকে নিয়ে তিনি বাসটির চাকা খোলার চেষ্টা করছিলেন, এ সময় যাত্রীরা বাস থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে কারা যেন বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীও একই বর্ণনা দিয়েছেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবরণের সঙ্গে মামলার বিবরণের গরমিল কেন—জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মাহাবুবর রহমান বলেন, ‘চালক বা যাত্রীরা আমাদের কাছে কিছু বলেননি। আমাদের কর্মকর্তা সেখানে গিয়ে যা পেয়েছেন, সেভাবেই মামলা করা হয়েছে।’কামরুজ্জামান রিমান্ডে: শাহবাগ থানার পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কামরুজ্জামানকে (রতন) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।কামরুজ্জামানের স্ত্রী নূর-ই-জান্নাত গতকাল মিন্টো রোডে ডিবির কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার। তিনি ১২ বছর ধরে রাজনীতিতে নেই। রোববার শুধু একটি টেলিভিশন টক শোতে কথা বলার কারণে তাঁকে গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণ মামলার আসামি করা হয়।যা বললেন প্রতিমন্ত্রী: মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সচিবালয়ে বোমা হামলা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কার নির্দেশে এসব ঘটনা ঘটছে, তা দিবালোকের মতো স্পষ্ট। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আসবে, তাঁদেরই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। তিনি বলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে বিরোধী দলের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর, পোড়ানো ও মানুষ হত্যা করছেন। এ জন্য শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে মামলায় হুকুমের আসামি করা হয়েছে।