ছয় মাস হচ্ছে মাতৃত্বকালীন ছুটি!
বছর দুই ধরে চলছে কথাবার্তা। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হচ্ছে তো? প্রধানমন্ত্রী গত বছর শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো ও তার সার্বিক পরিচর্যার কথা বিবেচনা করে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার অনুমোদন দেন। একজন নারীতাঁর কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এ ছুটি পাবেন।এখন শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় আছে এটি। সরকারের এ উদ্যোগে বিশিষ্টজনদের প্রতিক্রিয়া নিয়ে এবারের নারীমঞ্চের মূল প্রতিবেদন শিরিন শারমীন চৌধুরীপ্রতিমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরমা ও শিশু দুজনের কথা ভেবেই সরকারের পক্ষ থেকে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ছয় মাস করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যেকোনো দিন হয়ে যাবে। সরকারি কর্মবিধিমালাতেও আমরা পরিবর্তন আনছি। যাতে করে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক নারী এই সুবিধা পেতে পারেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থাগুলো সরকারের এ নির্দেশনা অনুসরণ করতে পারে। আমাদের পক্ষ থেকে এই আহ্বান করতে পারি। সব মায়েরই এই ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকার আছে। আগেও যখন চার মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছিল, তখনো সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এটি মেনেছে। এবারও আশা করি সবাই মানবে। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবে। আর প্রতিটি প্রতিষ্ঠানের শ্রমনীতিতেও একে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতিতেও আমরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিকে অন্তর্ভুক্ত করছি, যাতে এ দেশের প্রত্যেক নারী এই সুবিধা পেতে পারেন।শিরিন আখতারসভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটআমরা খুবই আনন্দিত সরকারের উদ্যোগে। ছয় মাসের এই মাতৃত্বকালীন ছুটি মা ও শিশুর স্বাস্থ্যের জন্য প্রয়োজন। সন্তান জন্মের ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এ সময় সন্তান ও মায়ের মধ্যে একান্ত নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সন্তানের মানসিক বৃদ্ধিতে এই ছয় মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন নারীকে অনুগ্রহ করে এই ছুটি দেওয়া হচ্ছে, এটি ভাবার কোনো কারণ নেই। কারণ, একজন নারী তখনই এই ছুটি পাবেন, যখন তিনি সমাজ, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দিচ্ছেন। পরিবার, সমাজকে এ বিষয়ে নারীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এ ছাড়া সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সব নারীকে এই সুবিধা প্রদানের ব্যবস্থা করতে হবে। তাহমিনা বেগমবিভাগীয় প্রধান, শিশুরোগ বিভাগবারডেম হাসপাতাল, ঢাকাসরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। দেরিতে হলেও শেষ পর্যন্ত তারা এটি অনুমোদন করেছে। দ্রুত হয়তো রাষ্ট্রপতিও এর অনুমোদন দেবেন। ছয় মাস পর্যন্ত শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এর কোনো বিকল্প নেই। অনেকে এর পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ানোর চেষ্টা করেন, যা একদম উচিত নয়। সরকারি-বেসরকারি কর্মজীবী নারীকে নির্বিশেষে এই ছুটি দিতে হবে। বাচ্চাকে মায়েরা বোতলে করে বা ফিডার খাওয়ানোর অভ্যাস করেন। এটি ভবিষ্যতে সন্তানের শারীরিক ক্ষতি করে। নানা ধরনের অসুখ দেখা দেয়। তাই মায়ের শুধু ছুটি পেলেই হবে না, এই সময় সন্তানকে পরিপূর্ণ পরিচর্যা করতে হবে। আর এটি নিশ্চিত করতে হবে মায়ের আশপাশের লোকজনকে। বিশেষ করে স্বামী ও পরিবারের সদস্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, যা সরকারি-বেসরকারি সব কর্মজীবী নারী ভোগ করে থাকেন। এর বাইরেও শুধু সরকারি কর্মজীবী নারীরা শিশুর যত্নের জন্য বেতনসহ আরও এক বছর ছুটি পেয়ে থাকেন, যাতে করে মা পুরোপুরি সন্তানের পরিচর্যা করতে পারেন। আমাদের দেশেও এটি করা যেতে পারে। আসল কথা হলো, ব্যক্তিপর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। মায়ের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে হবে। তাহলেই ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির যথাযথ প্রয়োগ হবে।তাহমিনা খালেদউপ-মহাব্যবস্থাপককমার্শিয়াল স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট, গ্রামীণফোনমাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার অনুমোদন দিয়েছে সরকার। এটি খুবই ভালো পদক্ষেপ। প্রধানমন্ত্রী গত বছর মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার ঘোষণা দিয়েছিলেন। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানে নারীদের জন্য এই ছুটিকে ছয় মাস করার সিদ্ধান্ত নিই। ২০১০ সালের নভেম্বর থেকে গ্রামীণফোনে কর্মরত নারীরা এই ছুটি পেয়ে আসছেন। আমিও এখন মাতৃত্বকালীন ছুটিতে আছি। আমার প্রথম সন্তানের সময় চার মাসের ছুটি পেয়েছিলাম। আশা করছি, এবার সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারব। বিশেষ করে এ সময় মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তার কথা নতুন করে বলার নেই। আমার তো মনে হয়, শুধু মাকে ছুটি দেওয়ার পাশাপাশি বাবাকেও সপ্তাহ খানেকের ছুটি দেওয়া যেতে পারে। সন্তান জন্মের পর মা ও শিশুর কাছে তার ভূমিকাও অনেক। সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সহযোগিতা। এ ছাড়া ছয় মাসের ছুটি কাটিয়ে সঠিকভাবেই কাজে ফিরে আসা সম্ভব। নিয়মিত অফিসের সঙ্গে যোগাযোগ রাখলে অসুবিধা হবে না। তবে সহকর্মীদেরও তাঁকে সাহায্য করতে হবে। তাহলেই কাজে ফিরে আসতে কোনো সমস্যা হবে না। তাই সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের মায়েদেরই ছয় মাসের এই ছুটি পাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহিনয়্যাত আহমেদ করিমবিভাগীয় প্রধান, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক ব্যাংকঅনেক সময় সন্তানের জন্য নারীদের চাকরি ছেড়ে দিতে হয়। তাঁরা তাঁদের ক্যারিয়ার সফলভাবে গড়তে পারেন না। কেউ কেউ নিজের কর্মজীবনে ব্যাঘাত হবে জেনে মা হতে চান না। তাঁদের সবার জন্য সরকারের এ ইতিবাচক অনুমোদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে মা তাঁর সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারবেন। এ সময় সন্তানের একমাত্র খাবার মায়ের বুকের দুধ। সেটিও সময়মতো দিতে পারবেন মা। জাতীয় উন্নয়নে মা ও শিশু দুজনই সমানভাবে অবদান রাখে। তাই যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমাদের প্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার বিষয়ে পরবর্তী বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, আগামী দুই-তিন মাসের মধ্যে এটি পাবেন ভবিষ্যতের মায়েরা।মতামত নিয়েছেন তৌহিদা শিরোপা