ছয় মাসই থাকতে হয় পানিবন্দী
তাঁরা বছরের ছয় মাস থাকেন চিন্তা মুক্ত। আর ছয় মাস থাকেন পানিবন্দী। দীর্ঘ সময় এ অবস্থা থাকায় এলাকায় বাড়ছে রোগব্যাধি। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বগুড়ার শেরপুর শহরসংলগ্ন নয়টি গ্রামে।গ্রামগুলো হলো উপজেলার নবঘোষিত শাহবন্দেগী ইউনিয়নের নতুন পাড়া, পল্লীবাস, ইসলামপুর, দুবলাগাড়ী, খন্দকারটোলা, পলেস্টারপাড়া, সাধুবাড়ী, ফাঁসিতলা ও চকপোতা। বৃষ্টি হলেই এসব গ্রামে পানি জমে। ওই পানি উপচে গিয়ে ঢুকছে পৌর শহরের হাসপাতাল সড়কের দিকে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নালা ও সড়কের পানি ঢুকে পড়ছে বিভিন্ন বাসাবাড়িতে। সড়ক দিয়ে চলাচল বন্ধ হতে বসেছে। গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়া ও আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগব্যাধি।পল্লীবাস গ্রামের শাহজাহান আলী জানান, একটু ভারী বৃষ্টি হলেই তাঁদের ভাগ্যে নেমে আসে কষ্ট। এ অবস্থা প্রায় এক যুগের। সমস্যা সমাধানের জন্য তাঁরা গিয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধির কাছে। সমাধানের প্রতিশ্রুতি পেলেও তাঁদের দুশ্চিন্তা কাটাছে না। বৃষ্টির পানি জমে বসবাসে অনুপযোগী হয়ে পড়লে অনেক পরিবারেরই বাড়ির মালামাল সরিয়ে শহরের ভাড়াবাড়িতে উঠতে হয়।ভুক্তভোগী মঞ্জুয়ার রহমান স্থানীয় জনপ্রতিনিধির প্রতি অভিযোগ তুলে জানান, পানিবন্দী গ্রামগুলো আগে ছিল মির্জাপুর ইউনিয়নের মধ্যে। এখন এগুলো নবগঠিত শাহবন্দেগী ইউনিয়নের মধ্যে পড়েছে। নবগঠিত ইউনিয়ন পরিষদে এ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হননি। এদিকে মির্জাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও গ্রামবাসীদের সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখছেন না। তাই এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।এলাকার বাসিন্দা দুলাল হোসেন জানান, তাঁদের এই এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের লোকজনের বসবাস। বর্তমানে এই হতভাগা মানুষগুলো জলাবদ্ধতার শিকার। প্রতিবছর ভারী বৃষ্টিতে এসব গ্রামে পানি ঢোকে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের প্রায় ছয় মাস পানিবন্দী হয়ে থাকতে হয় তাঁদের।গৃহিনী আমেনা খাতুন জানান, এই সমস্যার কারণে বাড়ির লোকজন ডায়রিয়া ও আমাশয়সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ওই সব গ্রামের প্রত্যেক পরিবার তাঁদের শিশু-সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান জানান, ওই সব এলাকার লোকজন অপরিকল্পিতভাবে বাসাবাড়ি তৈরি করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পানিতে গ্রামগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।