ছয় মাসে চার ঘটনা, শাস্তি হয়নি কারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনকারী শিক্ষকেরা বিভিন্ন সময় ছাত্রসংগঠনের কর্মীদের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। গত ছয় মাসে এ ধরনের চারটি ঘটনা ঘটেছে। কিন্তু দুর্ব্যবহারকারী নেতা-কর্মীদের শাস্তি হয়নি। ছাত্রনেতা ও প্রভাবশালী কর্মীদের অন্যায় আবদার রাখা সম্ভব না হওয়ায় এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সম্প্রতি ছাত্রলীগের কর্মীরা অন্তত তিন দফায় প্রক্টরিয়াল বডির সদস্য ও দুই প্রাধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁরা দুই প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেন। আর ছাত্রশিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এসব ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদনও দেওয়া হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনে আগ্রহ হারিয়ে ফেলছেন।গত মঙ্গলবার ছাত্রলীগের দুর্ব্যবহারের কারণে পদত্যাগকারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করি। কিন্তু কিছু ছাত্রসংগঠনের আচরণ দেখে মনে হয়, আমরা তাদের আজ্ঞাবহ! এ অবস্থায় দায়িত্ব পালন করা কোনোভাবেই সম্ভব নয়।’বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের দুর্ব্যবহারের প্রথম ঘটনাটি ঘটে গত ৯ ফেব্রুয়ারি। ওই দিন রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহ আমানত হলের প্রাধ্যক্ষ কলিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে অশোভন আচরণ করেন। ছাত্রলীগের কর্মীরা হলে শিবিরের নেতা-কর্মীদের অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগ এনে প্রাধ্যক্ষ ও হাউস টিউটরদের পদত্যাগ দাবি করেন। ওই রাতেই তাঁরা প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেন।এ প্রসঙ্গে প্রাধ্যক্ষ কলিম উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ভাঙচুরের ঘটনাটি প্রক্টর অফিসকে জানিয়েছিলাম। আমার জানামতে, অভিযুক্ত কারও বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি।’ এর পরের ঘটনা ঘটে ১৯ ফেব্রুয়ারি। ওই দিন আলাওল হলে অবৈধভাবে থাকা ছাত্রলীগের ছয় কর্মীকে একটি কক্ষে আটকে রাখেন প্রাধ্যক্ষ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক হোসাইন কবির। ছাত্রলীগের আটক কর্মীরা কক্ষের পেছনের জানালা ভেঙে বের হয়ে এসে প্রাধ্যক্ষকে গালিগালাজ ও তাঁর কক্ষ ভাঙচুর করেন। এ সময় তাঁরা হলের সামনে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মিছিল করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ভাঙচুরের সঙ্গে জড়িত নেতা-কর্মীদের পেয়েও আটক করেনি বলে অভিযোগ রয়েছে।সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে অস্ত্র মামলা প্রত্যাহার ও ছাত্রলীগের বহিষ্কৃত এক কর্মীকে পরীক্ষা দিতে দেওয়ার অনুমতির দাবিতে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রক্টর আকতার হোসেন ও তিন সহকারী প্রক্টর—মঞ্জুর মোর্শেদ, মঈনুল ইসলাম ও শিপক কৃষ্ণ দেবনাথ পদত্যাগপত্র জমা দেন। পরে উপাচার্যের অনুরোধ ও ছাত্রলীগের ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। তবে পদত্যাগের বিষয়ে অনড় রয়েছেন প্রক্টর আকতার হোসেন।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটির সভাপতি মামুনুল হক বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়েছিল। এ মামলা প্রত্যাহারে কর্তৃপক্ষ আশ্বাসও দিয়েছিল। কিন্তু সম্প্রতি এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করতে গেলে মঙ্গলবারের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’ প্রাধ্যক্ষদের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁদের কার্যালয় ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘এসব আগের ঘটনা। আমাদের বর্তমান নতুন নেতৃত্ব ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি পরিচালনা করতে চাই।’এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন বলেন, ‘প্রমাণ সাপেক্ষে অতীতে বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে।’ শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারের সিদ্ধান্ত ছাড়াও আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের সুপারিশ করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য।সূত্রমতে, গত ৩১ জানুয়ারি রাতে শিবিরের কর্মীরা সোহরাওয়ার্দী হলে আসন বণ্টন নিয়ে প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেন।এ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় পরে শিবিরের নেতা-কর্মীরা ক্ষমা প্রার্থনা করে। এখানে ঘটনার মীমাংসা হয়। কিন্তু দোষীদের কোনো শাস্তি দেওয়া হয়নি।