ছয় মাসে তৈরি পোশাক থেকে আয় ৪ লাখ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের (২০০৯-১০) প্রথম ছয় মাসে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে চার লাখ তিন হাজার ৭১ কোটি টাকা (৫ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার)। তৈরি পোশাকশিল্প ছাড়াও টেক্সটাইল ফেব্রিক্স, হোম টেক্সটাইল, টেরি টাওয়েল প্রভৃতি বস্ত্র রপ্তানি করা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির এ বি এম আশরাফউদ্দিনের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এসব তথ্য জানান। এর আগে বিকেল পাঁচটা ১০ মিনিটে স্পিকার অবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বস্ত্র খাতের উন্নয়নে সরকারের বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নাধীন। বস্ত্রশিল্পের গুরুত্ব অনুধাবন করে সরকার এ শিল্পকে অগ্রাধিকার সেক্টর হিসেবে ঘোষণা করেছে।বেগম ফরিদুন্নাহারের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম আট মাসে কাঁচা পাট রপ্তানি করে বাংলাদেশ ৬৭৫ কোটি ৬৩ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এ সময়ের মধ্যে ১১ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করা হয়েছে। আর গত জানুয়ারি পর্যন্ত তিন লাখ ১০ হাজার টন পাটসমাগ্রী রপ্তানি করে এক হাজার ৭৫৬ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।