ছয় মাসে রাজধানীতে ৮১৮টি অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ৫ জুন পর্যন্ত রাজধানী ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৮১৮টি। এসব ঘটনায় মারা গেছে ১২১ জন। এর মধ্যে কেবল ৩ জুন নিমতলীতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছে ১১৭ জন। ২০০৯ সালে রাজধানীতে মোট অগ্নিকাণ্ড ঘটেছিল এক হাজার ৩৮৪টি। একই সময়ে সারা দেশে অগ্নিকাণ্ড ঘটে ১২ হাজার ১৮২টি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরসহ বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, রাজধানীতে চলতি বছরের জানুয়ারি মাসে ১০২টি, ফেব্রুয়ারিতে ২০৫টি, মার্চে ১৮১টি, এপ্রিলে ১৭৭টি ও মে মাসে ১৪১টি অগ্নিকাণ্ড ঘটে। এসব অগ্নিকাণ্ডের মধ্যে ফেব্রুয়ারিতে দুজন, মার্চ ও এপ্রিলে একজন করে মারা যায়। চলতি জুন মাসে গতকাল শনিবার পর্যন্ত অগ্নিকাণ্ড হয়েছে ১২টি। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ঘটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমতলীতে ওই আগুনে মারা গেছে ৯৩ জন। ফায়ার সার্ভিসের এই সংখ্যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা মৃতদেহের হিসাব। ওই অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ২৪ জন। চলতি বছরে অগ্নিকাণ্ডগুলোর ঘটনায় ৪৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিভিন্ন বছরের হিসাবে দেখা গেছে, ঢাকায় এ পর্যন্ত সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের অধীন এলাকায়। এরপর আছে মিরপুর। রাজধানীতে অগ্নিকাণ্ডের সংখ্যা: ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০০০ সালে রাজধানীতে মোট আগুন লাগে ৭৩৫টি। এর মধ্যে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের অধীন এলাকায় (১২৪টি)। পরের বছর ঢাকায় মোট অগ্নিকাণ্ড হয় ৬৭১টি, এর মধ্যে বেশি ঘটে মিরপুর এলাকায় (১২৫টি)। ২০০২ সালে ৭৮১টি অগ্নিকাণ্ডের মধ্যে মোহাম্মদপুরেই ঘটে ১৭০টি। পরের বছর ৮২০টির মধ্যে মোহাম্মদপুরে ঘটে ১৫৯টি। ২০০৪ সালে ৯২২টি অগ্নিকাণ্ডের মধ্যে বেশি ১৮৪টি ঘটে মোহাম্মদপুরে। পরের বছর ৯৮৭টির মধ্যে মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড ঘটে ১৮২টি। ২০০৬ সালে এক হাজার ১২১টি অগ্নিকাণ্ডের মধ্যে মিরপুরে ঘটে ১৬৭টি। পরের বছর এক হাজার ১১৬টির মধ্যে মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড ঘটে ১৪৬টি। ২০০৮ সালে ঢাকায় এক হাজার ১৮৮টি অগ্নিকাণ্ড হয়, যার মধ্যে মোহাম্মদপুরে ঘটে ১৫৬টি। গত বছর ঢাকায় সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সিদ্দিকবাজার স্টেশনের অধীন এলাকায়।অগ্নিকাণ্ডের কারণ: ফায়ার সার্ভিস জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা গেছে, শতকরা ৩৭ ভাগ অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট)। শতকরা ২৩ ভাগের কারণ চুলার আগুন, ১২ শতাংশের কারণ জ্বলন্ত সিগারেটের টুকরো, ৫ শতাংশ আগুন লাগে খোলা বাতি (কুপি) থেকে, ৩ শতাংশের কারণ উত্তপ্ত ছাই, ২ শতাংশ ঘটনায় আগুন লাগে ছোটদের আগুন নিয়ে খেলা, যন্ত্রাংশে ঘর্ষণ ও মিস ফায়ার থেকে। এ ছাড়া ১ শতাংশ করে অগ্নিকাণ্ডের কারণ হলো উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আইন ভঙ্গ, অগ্নিসংযোগ, মাত্রাতিরিক্ত তাপ সৃষ্টি, স্বতঃস্ফূর্ত প্রজ্বলন ও রাসায়নিক প্রতিক্রিয়া। বাকি ৯ শতাংশ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সূত্র জানায়, গত বছর সারা দেশে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে চার হাজার ৫২০টি, চুলার আগুন থেকে দুই হাজার ৭৮৭টি, সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে এক হাজার ৪০১টি, খোলা বাতি থেকে ৬৪৩টি, উত্তপ্ত ছাই থেকে ৪১২টি, অজ্ঞাত কারণে এক হাজার ৭৩টি, ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ২৫৫টি, যন্ত্রাংশের ঘর্ষণজনিত কারণে ২৩১টি, অগ্নিসংযোগ থেকে ১৩৩টি, উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৪১টি, মাত্রাতিরিক্ত তাপ থেকে ৯৫টি, মিস ফায়ার থেকে ২১১টি, চিমনি থেকে জ্বলন্ত স্ফুলিঙ্গ উৎক্ষেপণ থেকে ৪১টি, স্থির বিদ্যুৎ থেকে ২৪টি, রাসায়নিক প্রতিক্রিয়া থেকে ১১৫টি ও বাজি পোড়ানো থেকে ৪০টি আগুন লাগে। অগ্নিকাণ্ডে ক্ষতি: গত বছর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আট হাজার ৭৩০টি। এতে ক্ষতি হয়েছে মোট ৯২ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৮১ টাকা। শিল্পকারখানায় আগুনের ঘটনা এক হাজার ৩৪৬টি। এতে ক্ষতির পরিমাণ ৮০ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৫৮৬ টাকা এবং পোশাকশিল্পে অগ্নিকাণ্ডের সংখ্যা ২৯৩টি। এতে ক্ষতির পরিমাণ ৯৯ কোটি ১১ লাখ ৪০ হাজার ৮৬৭ টাকা। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শিল্পপ্রতিষ্ঠান, পোশাকশিল্প কারখানা, কলকারখানা ও আবাসিক বহুতল ভবনে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা যথাযথভাবে পালন না করাই অগ্নিকাণ্ডের কারণ। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনে অভিযান চালিয়ে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থায় নানা অনিয়ম দেখেন। এসব ঘটনায় আদালত জরিমানাও করেন। ১০ বছরের চিত্র: ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০০০ সালে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পাঁচ হাজার ৩১৫টি, এর মধ্যে ঢাকায় অগ্নিকাণ্ড হয় ৭৩৫টি। ২০০৯ সালে সারা দেশে অগ্নিকাণ্ড ঘটে ১২ হাজার ১৮২টি, যা ২০০০ সালের অগ্নিকাণ্ডের দ্বিগুণেরও বেশি। ২০০০ সালে অগ্নিকাণ্ডের ঘটনায় সারা দেশে মারা যায় ৯১ জন। ২০০৯ সালে সারা দেশে মারা গেছে ২৬৯ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক আবদুর রশীদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘অগ্নিকাণ্ডের মূল কারণ অসাবধানতা। প্রতিটি বাড়ি ও কলকারখানায় অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার। আগুন প্রথমে ছোট থাকে। পরে তা আস্তে আস্তে বড় হতে থাকে। অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলে তা সহজেই প্রতিরোধ করা সম্ভব। কিন্তু অধিকাংশ বসতবাড়ি ও কলকারখানায় তা নেই।’ তিনি বলেন, বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্টসার্কিট বেশি হয়। এ জন্য প্রতিটি আবাসিক ভবন, শিল্পকারখানার বিদ্যুৎ সংযোগের ত্রুটি খুঁজে বের করা এবং তা দ্রুত মেরামত করা প্রয়োজন। বাসাবাড়িতে অনেকেই গ্যাসের চুলায় কাপড় শুকিয়ে থাকে। পরে তা বেশি তাপে গরম হয়ে আগুন ধরে যায়।