ছয় মাসে ৩২ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণ
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩২ হাজার ২৫৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা এ ঋণের পরিমাণ পুরো বছরের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ। আগের বছরের একই সময় এ খাতে বিতরণ করা হয়েছিল ২৬ হাজার ১৬৩ কোটি টাকা। এ হিসাবে ওই সময়ের তুলনায় ৬ হাজার ৯২ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার এক খবরে আজ বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে এসএমই খাতে বেশির ভাগই ঋণ বিতরণ হয়েছে ব্যাংকের মাধ্যমে। এ সময় ব্যাংকগুলো দিয়েছে ৩১ হাজার ৪৫৩ কোটি এবং ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো দিয়েছে ৮০২ কোটি টাকা। ব্যাংকগুলো আগের বছরের একই সময়ের তুলনায় ৬ হাজার ২২৫ কোটি টাকা বা ২৪ দশমিক ৬৮ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর দেওয়া ঋণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৩ কোটি টাকা বা ১৪ দশমিক ২২ শতাংশ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, এ সময়ে এসএমই খাতে বেসরকারি খাতের ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে। তারা ২৭ হাজার ৫০ কোটি ৬৭ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। আর রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ১ হাজার ৯১৪ কোটি ৬৮ লাখ টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী সংবাদ সংস্থাটিকে বলেন, ব্যাংকগুলো এবার বড় উদ্যোক্তাদের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্প উদ্যোক্তাদের বেশি ঋণ দিয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ একত্র করে তাদের মোট ঋণ বেড়েছে। তিনি জানান, প্রকৃত উদ্যোক্তাদের ঋণ পাওয়া নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে ঋণের মান ও উদ্যোক্তা যাচাই করছেন।সুকোমল সিংহ বলেন, ম্যানুফ্যাকচারিং খাতে ঋণ বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নিয়েছে। বছরের প্রথম ছয় মাসে ম্যানুফ্যাকচারিং ব্যবসা খাতে ২০ হাজার ১৫৪ কোটি টাকা বিতরণ হয়েছে, যা এ খাতের মোট ঋণের ৬২ দশমিক ৪৮ শতাংশ। আগের বছরের একই সময় এটি ছিল ১৬ হাজার ৬১৭ কোটি টাকা। এ ছাড়া সেবা খাতে বিতরণ হয়েছে ১ হাজার ৬৩৯ কোটি টাকা। আগের বছর বিতরণ হয়েছিল ১ হাজার ৬৬১ কোটি টাকা।প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এসএমই খাতে বিতরণ করা মোট ঋণের মধ্যে ১ হাজার ২৩৪ কোটি টাকা (২৫ দশমিক ৬৯ শতাংশ) দেওয়া হয়েছে নারী উদ্যোক্তাদের। আগের বছর যা ছিল ৯৮২ কোটি টাকা।