দেশে গত ছয় মাসে (জানুয়ারি-জুন) ৪৭ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার-বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ‘অধিকার’।অধিকারের ষাণ্মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। তাতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও তা অব্যাহত রয়েছে। গত ছয় মাসের হিসাবে প্রতি মাসে গড়ে সাতজন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও নিজস্ব প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি অধিকারের এই প্রতিবেদন অনুযায়ী, বিচারবহির্ভূত হত্যার শিকার ৪৭ জনের মধ্যে ৩৮ জনই ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এদের মধ্যে র্যাবের হাতে ২৮ জন, পুলিশের হাতে চারজন, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে দুজন এবং র্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চারজন নিহত হয়। নিহতদের মধ্যে দুজন কথিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য, চারজন ব্যবসায়ী, দুজন যুবক, একজন বাসের কর্মী, একজন নাটোরের সাজাপ্রাপ্ত আসামি, একজন ফল বিক্রেতা, একজন কৃষক এবং ৩৫ জন ‘কথিত’ অপরাধী বলে প্রতিবেদনে বলা হয়। এ ছাড়া আরও ৪৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে মারা গেছে পাঁচজন। অধিকারের প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে ১৫ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাদের গুম হওয়ার অভিযোগ রয়েছে।অধিকারের তথ্য অনুযায়ী, ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ৮৩ জন নিহত ও আট হাজার ৫০৮ জন আহত হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ ১৭৭টি ও বিএনপির ৬১টি সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ১২ জন নিহত হয়েছে। অন্যদিকে, বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে একজন নিহত হয়েছে।এ ছাড়া গত ছয় মাসে তিনজন সাংবাদিক নিহত, ৭৬ জন আহত, ৪৬ জন হুমকির সম্মুখীন, চারজন আক্রমণের শিকার এবং ৩৫ জন লাঞ্ছিত হয়েছেন। র্যাব সদস্যের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধর এবং আদালতপাড়ায় পুলিশের হাতে যৌন হয়রানির শিকারের ঘটনাও ঘটেছে।