ছয় মাসেও বরাদ্দ দেওয়া হয়নি গলাচিপার ১৩০টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলাচিপায় ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে জাপান সরকারের আর্থিক সহায়তায় নির্মিত ১৩টি ব্যারাকের ১৩০টি ঘর এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়নি। ছয় মাস আগে এ ঘরগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে।গলাচিপা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি হারায়। সিডরের পর পরই ঘরবাড়ি হারানো ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা নানা উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে জাপান সরকার উপজেলার ৫০০টি পরিবার পুনর্বাসনের জন্য ৫০টি ব্যারাক হাউস নির্মাণে অর্থ সহায়তা দেয়। এর মধ্যে ১৩০টি পরিবারের জন্য গলাচিপা পৌরসভার লঞ্চঘাটের পূর্ব পাশে এক কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ১৩টি ব্যারাক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে ১০টি ঘর রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারেরা ব্যারাকগুলোর নির্মাণকাজ শেষ করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। ঘরগুলো নির্মাণ ও হস্তান্তরের পর ছয় মাস পার হলেও স্থানীয় প্রশাসন তা প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বরাদ্দ দিতে পারেনি। এ সুযোগে স্থানীয় একশ্রেণীর মানুষ ঘরগুলো দখল করে নিয়েছেন।ঘর বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা প্রশাসন গত মার্চ মাসে দরখাস্ত আহ্বান করে। ওই সময় থেকেই ঘরগুলো দখল হয়ে যেতে থাকে। এতে ঘর বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া ঝুলে পড়ে।সরেজমিনে দেখা গেছে, ব্যারাকের প্রায় সব ঘর ইতিমধ্যে দখল হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে যে যেভাবে পেরেছেন, ঘর দখল করে নিয়েছেন। কেউ কেউ দু-তিনটি ঘরও দখল করেছেন।গলাচিপা পৌরসভার কলাবাগান এলাকার কয়েকজন ক্ষতিগ্রস্ত জানান, যে জমিতে ব্যারাক হাউস নির্মাণ করা হয়েছে, সেখানে তাঁরা ঝুপড়ি ঘর তুলে পরিবার নিয়ে বাস করতেন। ব্যারাক হাউসের ঘর বরাদ্দে তাঁদের অগ্রাধকাির দেওয়া হবে—এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা জমি ছেড়ে দিয়েছেন। কিন্তু এখন যেভাবে অন্য এলাকার লোকজন এসে ঘর দখল করে নিচ্ছেন, তাতে তাঁরা হতাশ।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের অভাবে ঘর বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, ‘জাপানি ব্যারাকের ঘর বরাদ্দ-প্রক্রিয়ায় আমার কোনো ধরনের ভূমিকা আছে কি না, তা আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাকে কেউ জানায়নি। তবে আমি আন্তরিকভাবে চাই, যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই ঘর বরাদ্দ পায়। প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হলে, এ বিষয়ে আমি প্রয়োজনীয় উদ্যোগ নেব।’উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, বিষয়টি ঝুলিয়ে রাখার কারণেই লোকজন ব্যারাক দখল করার সুযোগ পেয়েছেন। অবস্থা ক্রমেই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এখনই উদ্যোগ নেওয়া না হলে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বঞ্চিতই থেকে যাবেন।গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ব্যারাক হাউসে ১৩০টি ঘর আছে। কিন্তু ঘরের চাহিদা অনেক বেশি। আবেদনকারীর সংখ্যা এত বেশি যে আমরা সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছি। যাঁরা এখন ব্যারাকের ঘরে থাকছেন, তাঁদের অনেকেই সিডরে ক্ষতিগ্রস্ত। আবার কেউ কেউ একাধিক ঘরও দখল করে রেখেছেন। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। শিগগিরই ঘরগুলো বরাদ্দ দেওয়া হবে।’