ছয় মুঠোফোন কোম্পানিকে সাড়ে ছয় কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয় মুঠোফোন কোম্পানিকে প্রায় আট লাখ মার্কিন ডলার (ছয় কোটি ২৫ লাখ টাকা) জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অনিবন্ধিত সংযোগ ও সেসব দিয়ে অবৈধ উপায়ে ভিওআইপি ব্যবসা করার অপরাধে এ জরিমানা করা হয়েছে। কোম্পানিগুলোকে চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। অপারেটর কোম্পানিগুলো হচ্ছে—গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, এয়ারটেল ও টেলিটক।আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশের ছয় অপারেটর কোম্পানিকে এ চিঠি পাঠানো হয়। বিটিআরসির সিস্টেম ও সার্ভিস বিভাগের পরিচালক মো. রাকিবুল হাসানের সই করা চিঠিতে মুঠোফোনের ছয় কোম্পানিকে এ কথা জানানো হয়েছে।ছয়টি মুঠোফোনের মোট ১৫ হাজার ২৫৪টি অবৈধ সংযোগের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। মোট জরিমানার পরিমাণ সাত লাখ ৬২ হাজার ৭০০ মার্কিন ডলার বা ছয় কোটি ২৫ লাখ ৪১ হাজার ৪০০ টাকা। চিঠিতে বলা হয়েছে, গত কয়েক মাসে অবৈধ ভিওআইপির বিরুদ্ধে র্যাব ও বিটিআরসির যৌথ অভিযানে প্রাপ্ত সংযোগগুলোর প্রতিটির ক্ষেত্রে (সিম প্রতি) ৫০ মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। কারণ, প্রাপ্ত সংযোগগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অপারেটর কোনো ধরনের গ্রাহক প্রমাণপত্র উপস্থাপন করতে পারেনি।সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে। জরিমানার পরিমাণ মোট দুই কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৫০০ টাকা। এই কোম্পানি নিয়মবহির্ভূতভাবে ছয় হাজার ১৮৮টি সিম বিক্রি করেছে।এর পরে গ্রামীণফোনকে এক কোটি সাত লাখ ৯৫ হাজার ১২৫ টাকা জরিমানা করা হয়েছে। তারা দুই হাজার ৬১৭টি অবৈধ সিম বিক্রি করেছে। ওরাসকম টেলিকমকে (বাংলালিংক) তিন হাজার ৮৫৭টি সিমের জন্য এক কোটি ৫৯ লাখ টাকা, প্যাসিফিক বাংলাদেশকে (সিটিসেল) ১৫৯টি সিম বিক্রির জন্য ছয় লাখ ৫৫ হাজার টাকা, রবি আজিয়াটাকে এক হাজার ৩০৯টি সিম বিক্রির জন্য ৫৩ লাখ ৯৯ হাজার টাকা এবং একমাত্র সরকারি প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশকে এক হাজার ১২৪টি সিমের জন্য ৪৬ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তবে গত দুই বছর বিটিআরসি নিজেই বারবার বিভিন্ন প্রমাণসহ বলে এসেছে, সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের সিমের মাধ্যমে অবৈধ ভিওআইপির হার প্রায় ৭০ শতাংশ। এই হার বিভিন্ন সময়ে ৬৫ থেকে ৭১ শতাংশ পর্যন্ত ওঠানামা করেছে।