কলেজছাত্র লিমনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে র্যাবের এক উপসহকারী পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার জন্য রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।মামলা দায়েরের পর লিমনের মা হেনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ছেলের পা তিনি আর ফিরে পাবেন না, কিন্তু ন্যায়বিচার পেলে কিছুটা হলেও স্বস্তি পাবেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের কপি তিনি হাতে পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।আদালত সূত্র জানায়, লিমনের মা তাঁর অভিযোগে র্যাবের ছয় সদস্যের নাম উল্লেখ করেন। এ ছাড়া অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন এ ঘটনায় জড়িত বলে জানান। যাঁদের নাম উল্লেখ করেন, তাঁরা হলেন: র্যাব-৮-এর উপসহকারী পরিচালক মো. লুৎফর রহমান, করপোরাল মাজহারুল ইসলাম, কনস্টেবল মো. আবদুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, নায়েক প্রহ্লাদ চন্দ্র ও সৈনিক কার্তিক কুমার বিশ্বাস।মামলার অভিযোগে বলা হয়, র্যাবের অভিযুক্ত সদস্যরা গত ২৩ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে লিমনকে চারদিক দিয়ে ঘিরে ফেলেন। বলেন, ‘একে ধর, এই শালাই মোরশেদ জমাদ্দার।’ এরপর র্যাবের সদস্য লুৎফর রহমান ছেলেটিকে টেনেহিঁচড়ে সাতুরিয়া গ্রামের শহীদ জমাদ্দারের বাড়ির সামনে নিয়ে যান। লিমনের চিৎকারে মা হেনোয়ারা বেগম এসে র্যাবের সদস্যের জানান, তাঁর ছেলে কলেজে পড়ে, তাঁর নাম মোরশেদ নয়। তখন অভিযুক্ত লুৎফর লিমনকে লাঠি দিয়ে পেটান। লিমনের মাকে অভিযুক্ত র্যাব সদস্যরা বলেন, ‘তোর ছেলের নামই মোরশেদ, তাকে চিহ্নিত করেছি। তোর ছেলেকে আমাদের সঙ্গে যেতে হবে।’ তিনি অভিযোগে বলেন, এই অভিযুক্ত লুৎফর বাঁ পায়ের হাঁটুর ওপরে পিস্তল ঠেকিয়ে লিমনকে গুলি করে। এ সময় বহু লোক ঘটনাস্থলের দিকে এগোতে থাকলে তাদের দিকে অস্ত্র তাক করে ভয় দেখানো হয়। পরে র্যাবের অভিযুক্ত সদস্যরা নিজেদের রক্ষা করতে লিমনের বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি মামলা করেন। র্যাবের অভিযুক্ত সদস্যরা লিমনকে পরিকল্পিতভাবে খুন, জখম ও চিরতরে পঙ্গু করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। লিমনের মা জানান, ঘটনার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী লিমন শহীদ জমাদ্দারের বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়েছিল।বিচারক নুসরাত জাহান লিমনের মায়ের অভিযোগ শুনে তা এজাহার হিসেবে গ্রহণ করার জন্য রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন।হেনোয়ারা বেগমের পক্ষে আইনজীবী মো. নাসিমুল হাসান, আবদুল আলিম, মো. শামীম আলম, মানিক আচার্য ও হাসান সিকদার আদালতকে বলেন, র্যাবের সদস্যরা আইন-কানুনের তোয়াক্কা না করে একজন নিরীহ কলেজছাত্রকে গুলি করেছেন। তাঁরা ওই ছেলেকে তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী বানাতে রাজাপুর থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলাও দিয়েছেন।আইনজীবী নাসিমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার জন্য আমরা লিমনের পক্ষে লড়ে যাব।’মামলা দায়েরের পর আদালত থেকে বের হয়ে লিমনের মা সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘র্যাব মোর নিরীহ পোলারে ঠ্যাঙে গুলি কইর্যা পঙ্গু কইরা দেছে। পরীক্ষার হলে থাহার কতা থাকলেও ও এহন হাসপাতালের বিছানায় ঠ্যাঙ হারানোর বেতায় কাতরাইতেছে। এই অবস্থার মধ্যেও র্যাব পঙ্গু হাসপাতালে বিছানার চারদিকে দাগি আসামির মতো পাহারা বওয়াইছে।’